প্রযুক্তি

অ্যাপলের সিইও পদ ছাড়লেন টিম কুক, নতুন ভূমিকায় জন টার্নাস

অ্যাপলের সিইও পদ ছাড়লেন টিম কুক, নতুন ভূমিকায় জন টার্নাস
অ্যাপলের সিইও পদ ছাড়লেন টিম কুক, নতুন ভূমিকায় জন টার্নাস
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ১৫ বছরের দায়িত্ব শেষ করে টিম কুক এখন নির্বাহী চেয়ারম্যান। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জন টার্নাস।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে টিম কুকের ১৫ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। গতকাল ৩১ আগস্ট ছিল অ্যাপলের সিইও হিসেবে তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব ছাড়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপল পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন।

টিম কুক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছেন, "অ্যাপলের সিইও হিসেবে শেষ দিনে অ্যাপল পরিবারের সবাইকে অনেক ভালোবাসা।" তিনি আরও জানান, "আগামীকাল আমার পদবি বদলে যাবে, কিন্তু অ্যাপল পরিবারের প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না।" কুক কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আপনারা সব সময় আমার অনুপ্রেরণার উৎস ছিলেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সামনে নতুন অধ্যায়ের জন্য আমি উচ্ছ্বসিত।"

আজ ১ সেপ্টেম্বর থেকে টিম কুক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি অ্যাপল থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের বর্তমান জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস।

৫০ বছর বয়সী জন টার্নাস সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। টিম কুকও যখন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল ৫০ বছর। ২০১১ সালের আগস্টে স্টিভ জবসের কাছ থেকে টিম কুক অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেন।

সে সময় অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস অসুস্থতার কারণে সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এর দুই মাসের কম সময় পর ওই বছরের অক্টোবরে তিনি মারা যান। এরপর টানা ১৫ বছর টিম কুক অ্যাপলের নেতৃত্ব দিয়েছেন।

টিম কুকের নেতৃত্বে অ্যাপলের পণ্যভান্ডারে বেশ কিছু জনপ্রিয় পণ্য যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে এয়ারপডস এবং অ্যাপল ওয়াচ। তাঁর নেতৃত্বেই ম্যাকবুক, ডেস্কটপ ম্যাকসহ অ্যাপলের কম্পিউটার পণ্যগুলোতে বড় পরিবর্তন আসে।

প্রতিষ্ঠানটি নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহারের মাধ্যমে কম্পিউটার ব্যবসায় নতুনভাবে ঘুরে দাঁড়ায়। ব্যবসায়িক সাফল্যের দিক থেকেও কুকের সময়টি ছিল গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

একই সময়ে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধসহ বিভিন্ন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবও প্রতিষ্ঠানটিকে সামলাতে হয়েছে। টিম কুকের সিইও থাকার সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ঘটনা আলোচিত হয়। একবার ট্রাম্প তাঁকে মজা করে ‘টিম অ্যাপল’ নামে সম্বোধন করেন।

এর জবাবে টিম কুক তখন তাঁর অ্যাকাউন্টে নিজের নাম বদলে ‘টিম...’ করে দিয়েছিলেন। অ্যাপল কর্মীদের উদ্দেশ্যে দেওয়া শেষ বার্তায় কুক তাঁর দলকে "অসাধারণ দল" হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কোম্পানির সাফল্যে প্রতিটি কর্মী বিশেষ ভূমিকা পালন করেছেন।

স্টিভ জবসের বিখ্যাত উক্তি "বিশ্বে একটি বিশেষ ছাপ ফেলা" স্মরণ করে কুক বলেন যে, সম্মিলিত প্রচেষ্টায় অ্যাপল বিশ্বজুড়ে একটি আলাদা জায়গা তৈরি করেছে। জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের প্রথম বড় আয়োজন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। ওই অনুষ্ঠানে নতুন আইফোনসহ বেশ কয়েকটি পণ্য উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। এবারের আয়োজনেই প্রথমবারের মতো ভাঁজ করা যায় এমন আইফোন উন্মোচন করার ধারণা করা হচ্ছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...