শিক্ষা

অক্টোবরে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন নবনির্মিত হল

অক্টোবরে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন নবনির্মিত হল
অক্টোবরে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন নবনির্মিত হল
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী অক্টোবর মাসে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সফরে আসছেন। এটি হবে তার প্রথম ইবি সফর, যেখানে তিনি নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী অক্টোবর মাসে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সফরে আসছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে এটি হবে তার প্রথম ইবি সফর। এই সফরে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ১০ তলা আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসিক হল ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করবেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। সাক্ষাতকালে ভিসি প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একইসাথে তিনি প্রধানমন্ত্রীকে ইসলামী বিশ্ববিদ্যালয় সরাসরি পরিদর্শনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

ভিসি সাংবাদিকদের জানান, আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফর নির্ধারিত রয়েছে। এই উপলক্ষে স্বাধীন বাংলাদেশের প্রথম এই বিশ্ববিদ্যালয়ে সরাসরি সফরে এসে নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনের অনুরোধ জানালে প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, কুষ্টিয়া সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি উপস্থিত থেকে হলটির শুভ উদ্বোধন করবেন।

এ সময় ভিসি ড. মতিনুর রহমান তার স্বরচিত কয়েকটি বই প্রধানমন্ত্রীর হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার ব্যাপারেও আশ্বাস দেন।

১৯৭৯ সালের ২২ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কুষ্টিয়া-ঝিনাইদহের সীমানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি উচ্চশিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষার প্রসারে তৎকালীন সরকার বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত সেই ঐতিহাসিক ক্যাম্পাসেই এবার প্রথমবারের মতো পরিদর্শনে আসছেন জিয়াপুত্র তারেক রহমান।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...