প্রযুক্তিফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, বিশ্বজুড়ে ভোগান্তি
ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, বিশ্বজুড়ে ভোগান্তি
মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট দেখা দেয়। গতকাল রাতে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের হাজারো ব্যবহারকারী প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ ও ব্যবহারে সমস্যার কথা জানান।
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট দেখা দেয়। গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের হাজারো ব্যবহারকারী প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ ও ব্যবহারে সমস্যার কথা জানান। পরে ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হয়ে আসে।
আউটেজ পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, একপর্যায়ে যুক্তরাষ্ট্রে ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি সমস্যার রিপোর্ট জমা পড়ে। ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার কথা জানানো হয়।
ফেসবুকের বিভ্রাট স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে শুরু হয়েছিল। রাত ১০টার দিকে রিপোর্ট জমা পড়ার সংখ্যা দ্রুত কমে আসে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি সিঙ্গাপুর, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও মেক্সিকোর ব্যবহারকারীরাও ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যার কথা জানিয়েছেন। আজ সোমবার সকালে সিঙ্গাপুরেও প্ল্যাটফর্ম দুটির বিষয়ে অভিযোগের সংখ্যা বেড়ে যায়।
এই বিভ্রাটের প্রভাব ফেসবুক মেসেঞ্জারেও পড়েছিল। হোয়াটসঅ্যাপেও স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি সমস্যার রিপোর্ট পাওয়া যায়। তবে কতজন ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ এসব সংখ্যা ব্যবহারকারীদের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে প্রকাশ করা হয়।
বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মেটা তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেয়নি। মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
এর আগে গত জুলাই মাসেও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল। অল্প সময়ের ব্যবধানে ফের প্ল্যাটফর্ম দুটিতে সমস্যা দেখা দেওয়ায় ব্যবহারকারীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
মতামত (0)