বিনোদন

রুক্মিণী বসন্তের দৃশ্যে বিতর্ক, মুক্তির পর আলোচনায় ‘টক্সিক’

রুক্মিণী বসন্তের দৃশ্যে বিতর্ক, মুক্তির পর আলোচনায় ‘টক্সিক’
রুক্মিণী বসন্তের দৃশ্যে বিতর্ক, মুক্তির পর আলোচনায় ‘টক্সিক’
কন্নড় সিনেমা ‘টক্সিক’ মুক্তির পর অভিনেত্রী রুক্মিণী বসন্তের একটি দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। দর্শক মহলের একাংশ এই দৃশ্যকে ‘অপ্রত্যাশিত’ ও ‘সস্তা চিত্রনাট্যের’ উদাহরণ বলে মন্তব্য করেছে।

কন্নড় সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’ বিশ্বজুড়ে ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যশ অভিনীত এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে। এর মধ্যে অভিনেত্রী রুক্মিণী বসন্তের একটি ‘সাহসী’ দৃশ্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

দর্শক মহলের কেউ কেউ এই দৃশ্যকে ‘অপ্রত্যাশিত’ ও ‘সস্তা চিত্রনাট্যের’ উদাহরণ হিসেবে মন্তব্য করেছেন। একজন দর্শক এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, “এ ধরনের দৃশ্য কীভাবে গ্রহণ করব? রুক্মিণী, সত্যিই তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি।” তাঁর পোস্টে সিনেমার হ্যাশট্যাগের সঙ্গে রুক্মিণীর নামও ব্যবহার করা হয়েছিল।

আরেক দর্শক সরাসরি রুক্মিণীর উদ্দেশে প্রশ্ন করেছেন, “এটা কী? এমন সস্তা চিত্রনাট্য কেন?” তবে অন্য একজন ব্যবহারকারী রুক্মিণীর পক্ষে অবস্থান নিয়ে দাবি করেছেন, সিনেমায় তার কোনো চুম্বন বা ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য নেই। তিনি মনে করেন, রুক্মিণীকে ঘিরে অপ্রয়োজনীয় মন্তব্য করা হচ্ছে, যদিও তিনি একই পোস্টে রুক্মিণীর এই ছবিতে অভিনয় করা উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’–এর পর চার বছর পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন যশ। গীতু মোহনদাস পরিচালিত এই ছবির গল্প গোয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে। পর্তুগিজ শাসনের সময়কার গোয়ার পটভূমিতে নির্মিত এই সিনেমায় যশকে দ্বৈত চরিত্রে দেখা গেছে।

সিনেমায় যশের সঙ্গে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত অভিনয় করেছেন। রুক্মিণীর দৃশ্য নিয়ে বিতর্কের পাশাপাশি ‘টক্সিক’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়াও মিশ্র। মুক্তির প্রথম দিন থেকেই ছবির গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মত প্রকাশ পেয়েছে।

বড় তারকা, বড় বাজেট ও দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাওয়া এই সিনেমাটি প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেবল রুক্মিণীই নন, সিনেমায় কিয়ারা ও যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল। সিনেমাটির প্রচারে কিয়ারা ও যশ দুজনই বলেছিলেন, গান বা টিজারের বিচ্ছিন্ন দৃশ্য নিয়ে মন্তব্য করা ঠিক নয়।

তারা আরও জানান, সিনেমার প্রয়োজনেই এসব দৃশ্য রাখা হয়েছে। ‘টক্সিক’কে শুধু অ্যাকশন সিনেমা হিসেবে নয়, প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য রূপকথার আবহে তৈরি একটি গ্যাংস্টার ড্রামা হিসেবে উপস্থাপন করা হয়েছে। ছবির গল্পে অপরাধজগৎ, ক্ষমতা ও পারিবারিক সম্পর্কের পাশাপাশি নানা ধরনের প্রাপ্তবয়স্ক উপাদান রয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...