শিক্ষা

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। গতকাল রাতে এই ঘটনা ঘটে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগতকে আটক করা হয়েছে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় ওই ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে তাকে অনুসরণ করেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে তিনি তার মোবাইল নম্বর চান এবং বন্ধুত্বের প্রস্তাব দেন। ওই সময় তিনি তাকে বিভিন্ন অশালীন কথাও বলেন।

শিক্ষার্থী তার বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করেন। বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসান ফেরদৌস মাহিন জানান, রাত ১১টার দিকে তার এক বন্ধু ফোন করে উত্ত্যক্ত হওয়ার কথা জানান।

মাহিন ও তার বন্ধুরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন হলের নিরাপত্তাকর্মীরা ওই বাইকারকে ধরে রেখেছেন। পরে তাকে প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শোয়াইবুর রহমান বলেন, তারা টিচার্স কোয়ার্টারের সামনে ওই ব্যক্তিকে আটক করেন এবং পরে প্রক্টর অফিসে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো: মোখলেছুর রহমান জানিয়েছেন, অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং তার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।

এদিকে, শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের কয়েকটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। রাত ১১টার পর অটোরিকশার চলাচল না থাকায় রাতে যাতায়াতে নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে। এই ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...