সারাদেশ

শাহজালাল বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ে ছাত্রদল নেতাসহ দুজন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ে ছাত্রদল নেতাসহ দুজন গ্রেপ্তার
শাহজালাল বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ে ছাত্রদল নেতাসহ দুজন গ্রেপ্তার
শাহজালাল বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি হলেন বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। গতকাল রবিবার সন্ধ্যায় এবং গত শনিবার রাতে অভিযান চালিয়ে বিমানবন্দর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। নরসিংদীর রায়পুর উপজেলার বাসিন্দা মো. সুমন নামের এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশ থেকে পাঠানো এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে এই সোনা ছিনতাই হয়। মামলার পরিপ্রেক্ষিতে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তার করা হয়।

উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ আরও বলেন, গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যে দলের সঙ্গেই জড়িত থাকুক না কেন, তাদের অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে।

বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ২৯ আগস্ট মো. সুমন মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদী মো. সুমন উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়াপ্রবাসী। গত শুক্রবার ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। তিনি ও তার বন্ধু রোহান চৌধুরী সেই দিন রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে স্বর্ণালংকার গ্রহণ করেন।

স্বর্ণালংকার নিয়ে ভাড়া করা মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামেন তারা। এজাহারে বাদী আরও উল্লেখ করেন, মাইক্রোবাস থেকে নামতেই আসামিরা তাদের ঘিরে ধরেন। আসামিরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত দাবি করে এবং তাদের কাছে বোমা আছে বলে মারধর শুরু করেন।

একপর্যায়ে তারা সুমনের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে লোকজন জড়ো হতে শুরু করে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...