অর্থনীতিশাহজালালে উড়োজাহাজের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ জব্দ
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে প্রায় ৯ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে নয় কেজিরও বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৩ গ্রাম।
গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউস এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই তথ্য নিশ্চিত করেছে। এনবিআর গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার বিস্তারিত জানায়।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে উড়োজাহাজে তল্লাশি চালায়। ওই দিন রাত ৯টা ২০ মিনিটে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটে সোনা চোরাচালান হয়েছে বলে তারা খবর পায়। রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশি চালানো হয়।
উড়োজাহাজটি তখন যাত্রীবিহীন অবস্থায় ছিল। তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেটের ইনভেন্টরি করা হয়।
ইনভেন্টরি শেষে মোট ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি সোনার বারের ওজন ছিল ১১৬.৬৪ গ্রাম, যা মোট ৯ হাজার ৩৩১ গ্রাম। এসব স্বর্ণ মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে এই স্বর্ণ দেশে আনা হয়েছিল। উড়োজাহাজের আসনের নিচে স্কচটেপে মুড়ে এগুলো লুকানো ছিল। পরবর্তী সময়ে এসব স্বর্ণ বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।
উদ্ধার করা মূল্যবান স্বর্ণবারগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। প্রচলিত স্থায়ী আদেশ অনুযায়ী, এই স্বর্ণবারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।
মতামত (0)