বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল মঙ্গলবার তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই শ্রদ্ধা জানান। এর মধ্য দিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির প্রথম দিনের সূচনা করে।
গতকাল সকাল ৯টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হন। তিনি পুষ্পমাল্য অর্পণ করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ দলের শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এরপর তিনি জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এই কার্যক্রমগুলো প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী তুলে নেওয়ার পর সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’ প্রভৃতি স্লোগানে জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



মতামত (0)