শিক্ষা প্রতিষ্ঠানে এআই ব্যবহারে শিক্ষকদের সম্পৃক্ত করার তাগিদ শিক্ষামন্ত্রীর

শিক্ষা প্রতিষ্ঠানে এআই ব্যবহারে শিক্ষকদের সম্পৃক্ত করার তাগিদ শিক্ষামন্ত্রীর
শিক্ষা প্রতিষ্ঠানে এআই ব্যবহারে শিক্ষকদের সম্পৃক্ত করার তাগিদ শিক্ষামন্ত্রীর
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শিক্ষকদের সরাসরি সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন। তিনি শিশুদের মৌলিক শিখন দক্ষতা বৃদ্ধিরও তাগিদ দেন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শিক্ষকদের সরাসরি সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন। শিশুদের নিরাপদে ও সর্বোচ্চ সুবিধা দিয়ে এআই ব্যবহারে সক্ষম করে তুলতে তাদের পড়া, যুক্তি তৈরি ও তথ্য যাচাইয়ের মতো মৌলিক শিখন দক্ষতা বাড়াতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত 'ডিজিটাল লার্নিং উইক ২০২৬'-এর 'কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা' শীর্ষক উচ্চপর্যায়ের সেশনে মন্ত্রী এই কথা বলেন। বাংলাদেশের শিশুদের ভিত্তিমূলক শিখনে কিছু দুর্বলতা রয়েছে, যা কাটিয়ে ওঠা জরুরি বলে তিনি জানান।

ড. এহছানুল হক মিলন বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু বা ক্রয়ের পূর্বে পরীক্ষামূলক প্রকল্প, মূল্যায়ন ও সংশোধন প্রক্রিয়ায় শিক্ষকদের সরাসরি সম্পৃক্ত করা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের অনেক সময় বাঁচালেও সব ক্ষেত্রে এর ঢালাও ব্যবহারের সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। তবে যুগের চাহিদায় এটি থেকে পিছিয়ে থাকারও উপায় নেই।

শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি, পারফরম্যান্স মূল্যায়ন বা প্রশাসনিক সিদ্ধান্তে কেবল স্বয়ংক্রিয় এআই ব্যবস্থার ওপর নির্ভর করা সমীচীন হবে না বলে মন্ত্রী জানান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সফলতা ব্যবহারকারীর সংখ্যা বা পরীক্ষামূলক প্রকল্পের ভিত্তিতে বিচার করা ঠিক হবে না।

বাংলাদেশে এআই ব্যবস্থার বাস্তব মূল্যায়ন করতে হবে শেখার ফলাফল, শিক্ষকের কাজের চাপ হ্রাস, শিক্ষা সমতা, তথ্য সুরক্ষা ও ব্যয়-সাশ্রয়ের মূলদণ্ডে। ইউনেস্কোর এই আন্তর্জাতিক ফোরামে বিশ্বের ২৫টি দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।

৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এবারের ডিজিটাল লার্নিং উইকের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—'কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা'। সম্মেলনের দ্বিতীয় দিন আগামীকাল বুধবার শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের 'টিচার্স এট দ্য সেন্টার: এজেন্সি, কম্পিটেন্সিস অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ' শীর্ষক গুরুত্বপূর্ণ প্লেনারি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...