বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে একটি নতুন ওয়েব প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো: জাহিদুল ইসলাম তালুকদার এই উদ্যোগ নিয়েছেন। ‘অ্যাডমিশন হাব’ নামের এই প্ল্যাটফর্মটি ভর্তি সংক্রান্ত সকল তথ্য এক জায়গায় নিয়ে এসেছে।
ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে তথ্য খুঁজতে হয়। পরীক্ষার সময়, নম্বর বণ্টন, নেগেটিভ মার্কিং, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন ফি এবং ফলাফল প্রকাশসহ বিভিন্ন তথ্য জানতে গিয়ে তাদের সময় নষ্ট হয়। এই ভোগান্তি কমাতেই জাহিদুল ইসলাম তালুকদার এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন।
‘অ্যাডমিশন হাব’ ব্যবহার করে ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য ও সহায়ক সেবা পাবেন। প্ল্যাটফর্মটিতে পরীক্ষার সময়, তথ্য, আবেদন, অ্যাডমিট, ফলাফল, সাবজেক্ট রিভিউ এবং ভর্তি ব্লগ ও গাইড—এই সাতটি প্রধান সুবিধা রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং কত, এসব তথ্য এক জায়গায় পাওয়া যাবে।
আবেদনের শুরুর ও শেষ তারিখ, বিভিন্ন বিভাগ বা ইউনিটের আবেদন ফি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি দেখার সুযোগও প্ল্যাটফর্মটিতে আছে। এছাড়া, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা জানা এবং কার্ড ডাউনলোড করার সুবিধাও রাখা হয়েছে। ভর্তি পরীক্ষার পর শিক্ষার্থীদের আর আলাদাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে হবে না; বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফলাফল এক জায়গায় দেখার সুবিধা এখানে রয়েছে।
‘সাবজেক্ট রিভিউ’ অ্যাডমিশন হাব-এর একটি গুরুত্বপূর্ণ সুবিধা। এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ডিগ্রি ও বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। কোনো বিষয়ে কী পড়ানো হয়, কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেই বিষয় পড়ানো হয়, আসন সংখ্যা কত এবং ওই বিষয়ে পড়াশোনা করে ভবিষ্যতে কী ধরনের ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে—এসব তথ্যও এখানে পাওয়া যায়।



মতামত (0)