শিক্ষা

শিক্ষায় বাজেট ৫ শতাংশে উন্নীত করার প্রধানমন্ত্রীর লক্ষ্য, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষায় বাজেট ৫ শতাংশে উন্নীত করার প্রধানমন্ত্রীর লক্ষ্য, জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষায় বাজেট ৫ শতাংশে উন্নীত করার প্রধানমন্ত্রীর লক্ষ্য, জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শিক্ষায় বাজেটের বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান। বর্তমানে এই বরাদ্দ ৩.৪ শতাংশ।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শিক্ষায় বাজেটের বরাদ্দ ৩ দশমিক ৪ শতাংশ থেকে ৫ শতাংশে উন্নীত করতে চান। তিনি আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২৩তম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে একটি করে ট্যাব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এই শিক্ষার্থীদের এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে তাদের সাইকেল দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে একসঙ্গে চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছিল। সে সময় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ওই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই সেই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তিনি জানান।

শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি বর্তমানে জটিলতায় আটকে আছে। এই জটিলতা দ্রুত দূর করে নিয়োগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে বলে মন্ত্রী জানান।

বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর কাঠামো নিয়েও শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন। তিনি বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এবং আর্কিটেকচারের পাশাপাশি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংসহ একাধিক বিভাগ খোলার যৌক্তিকতা পর্যালোচনা করা জরুরি। লেদার ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভাগের জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধা ও দেশে বিদ্যমান বিশেষায়িত প্রতিষ্ঠানও বিবেচনায় আনা উচিত বলে তিনি মন্তব্য করেন।

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বৈদ্যুতিক যানবাহনের যুগে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ইভি-সংশ্লিষ্ট কোর্স থাকা আবশ্যক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এআই ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় চালু করা প্রয়োজন। এআই কোর্স চালুর আবেদন ইউজিসিতে দুই বছর ধরে আটকে থাকার বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী জানান, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা। তাই শুধু সুন্দর অবকাঠামো তৈরি করলেই হবে না, এ বিনিয়োগের যথাযথ ফলও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা কোথায় চাকরি করছেন এবং তাদের কর্মজীবনের অবস্থান কী, তা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংরক্ষণ করা জরুরি।

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। দেশের বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়ে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়া শিক্ষার্থীদের কৃতিত্বের অংশ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোরও পাওয়া উচিত বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, শুধু অবকাঠামো নয়, মেধা, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়েই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতে হবে।

কুয়েট অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়। এরপর আনন্দ র্যালি, স্টল পরিদর্শন, কুয়েটের অর্জন, ঐতিহ্য ও ভবিষ্যৎ বিষয়ক উপস্থাপনা, আলোচনা সভা এবং প্রজেক্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন আয়োজন ও কর্মসূচি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...