প্রযুক্তি

শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, বিচার শুরু

শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, বিচার শুরু
শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, বিচার শুরু
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে সাবেক শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিচার শুরু হয়েছে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

যুক্তরাজ্যের ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিচার শুরু হয়েছে। ৩০ বছর বয়সী জেমস বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতার দায়িত্বে থাকা অবস্থায় তিনি ওই কিশোর শিক্ষার্থীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ উঠেছে।

উইনচেস্টার ক্রাউন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডওয়ার্ড কালভার জানিয়েছেন, শুরুতে ওই শিক্ষার্থীর পাঠানো স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেননি জেমস। পরে তিনি সেই রিকোয়েস্ট গ্রহণ করেন এবং দুজনের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয় বলে অভিযোগ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে তারা বিদ্যালয়ের বাইরে দেখা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয়। আইনজীবীর অভিযোগ, তারা ওয়েস্টার্ন শোর এলাকায় দেখা করেন এবং গাড়ির ভেতরে একে অপরকে চুম্বন করেন।

এছাড়াও, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার চলাকালীন একদিন এই জুটি স্পর্শ ও চুম্বনের পর শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। শিক্ষিকা ব্রনওয়েন কিশোর শিক্ষার্থীকে ভালোবাসার কথা জানান এবং দুজন একসঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন বলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী উল্লেখ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আদালতে দেওয়া সাক্ষ্যে দাবি করেছে, শুরুতে সম্পর্কটি তার কাছে স্বাভাবিক মনে হলেও পরে সে বুঝতে পারে যে তাকে মানসিকভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ব্যক্তিগত মেলামেশার সময়ও অভিযুক্ত শিক্ষিকা তাকে ‘মিস’ বলে সম্বোধন করার নির্দেশ দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব ও পদমর্যাদার অপব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে চারটি পৃথক অভিযোগ আনা হয়েছে। তবে তিনি আদালতে সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজের অবস্থানের পক্ষে বক্তব্য দিয়েছেন।

গত বুধবার জুরি ভেঙে দেওয়ায় মামলার বিচার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। নতুন জুরি গঠনের পর গতকাল বৃহস্পতিবার থেকে পুনরায় মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...