পরিবেশ

সকালে রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টি, ভোগান্তি কর্মজীবীদের

সকালে রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টি, ভোগান্তি কর্মজীবীদের
সকালে রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টি, ভোগান্তি কর্মজীবীদের
আজ সকালে রাজধানীতে ১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে কর্মমুখী মানুষ ও শিক্ষার্থীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। দুপুরের দিকে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ রবিবার সকালে রাজধানীতে ঝুম বৃষ্টিতে কর্মমুখী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে। সকাল সাতটার পরপরই কর্মস্থলগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামলে বৃষ্টি শুরু হয়। এতে যানবাহন পেতে বিপাকে পড়েন অনেকে।

রিকশা বা সিএনজিচালিত অটোরিকশার ওপর নির্ভরশীল মানুষজনকে যানবাহনের জন্য প্রাণান্তকর চেষ্টা করতে দেখা গেছে। রাজধানীর আসাদগেটে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সকাল পৌনে আটটার দিকে যানবাহনের দীর্ঘ সারি ছিল। বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি আরও বাড়ে।

সকাল সোয়া আটটার দিকে বৃষ্টি শেষ হয় এবং এরপর ঝলমলে রোদ দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টা থেকে ৯টা এই তিন ঘণ্টার মধ্যে ১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আজ দুপুরের দিকে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা খুব বেশি নাও হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টির সম্ভাবনা আছে।

দেশের উত্তরাঞ্চলেও বৃষ্টি বেশি হতে পারে বলে আবহাওয়াবিদ ওমর ফারুক উল্লেখ করেন। তবে এসব এলাকায় ভারী বৃষ্টিপাত হবে না এবং বৃষ্টি একনাগাড়ে না হয়ে থেমে থেমে হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন মেঘ-বৃষ্টি এ সময়ের বৈশিষ্ট্য হলেও ভ্যাপসা গরম শুধু রাজধানীতে নয়, সারা দেশেই বিদ্যমান।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...