অর্থনীতিসম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা পাচ্ছেন টাকা তোলার সুযোগ
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা পাচ্ছেন টাকা তোলার সুযোগ
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। আজ মঙ্গলবার থেকে আবেদন শুরু হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এই অর্থ উত্তোলনের জন্য গ্রাহকদের আজ মঙ্গলবার থেকেই সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর।
ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো সংশ্লিষ্ট শাখা থেকে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয়ে এই আবেদনগুলো সমন্বয় করে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হবে। এরপর সেই অর্থ সংশ্লিষ্ট শাখা ও উপশাখায় পাঠানো হলে গ্রাহকদের অর্থ পরিশোধ করা হবে।
এর আগে ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রয়োজন হওয়ায় অর্থ পরিশোধের সময় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন।
ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা তাদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে জমা টাকা উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন। আবেদনে গ্রাহকের হিসাবে মোট কত টাকা জমা রয়েছে, কত টাকা তুলতে চান এবং টাকা উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করতে হবে। আবেদনগুলো শাখা থেকে প্রধান কার্যালয়ে পাঠানোর পর সেগুলো সমন্বয় করে প্রয়োজনীয় নগদ অর্থ সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে।
প্রাথমিকভাবে ব্যক্তি আমানতকারীদের শুধুমাত্র জমা টাকার মূল অংশ পরিশোধ করা হবে। মুনাফার অর্থ পরবর্তী সময়ে তোলার সুযোগ দেওয়া হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা আপাতত ঘোষিত স্কিমের বাইরে গিয়ে তাদের টাকা তুলতে পারবেন না।
আর্থিক সংকটে পড়া পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এর আগে এসব ব্যাংকের আর্থিক সংকটের কারণে গ্রাহকদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়।
অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করলেও চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়েছিল। এই প্রেক্ষাপটে ১ সেপ্টেম্বরকে বিশেষভাবে ‘আস্থা ফেরানোর দিন’ হিসেবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের শাখা ও উপশাখাগুলো সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগত গ্রাহকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং বয়স্ক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরবে। এই উদ্যোগ ব্যাংকের সেবার প্রতি একটি ইতিবাচক ধারণা তৈরি করবে বলেও তারা মনে করছে।
মতামত (0)