ধর্মসৎ ব্যবসায়ীদের জন্য পরকালীন ছয় পুরস্কারের ঘোষণা
সৎ ব্যবসায়ীদের জন্য পরকালীন ছয় পুরস্কারের ঘোষণা
ইসলামে সৎ ব্যবসায়ীদের জন্য ইহকাল ও পরকালে বিশেষ প্রতিদানের কথা বলা হয়েছে। নবী, সিদ্দিক ও শহীদদের সাহচর্য, আরশের ছায়া, জান্নাতে বাধাহীন প্রবেশ এবং পাপ মোচনের মতো ছয়টি পুরস্কারের উল্লেখ রয়েছে।
নবী-রাসুলদের কাছে ব্যবসা একটি পছন্দের কাজ ছিল। তাঁরা নিজেরাও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মানবজাতির জীবিকা নির্বাহের বৈধ মাধ্যমগুলোর মধ্যে ব্যবসাকে অন্যতম বলে বিবেচনা করা হয়।
ইসলামে ব্যবসায় প্রতারণা, মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, পণ্যের ত্রুটি গোপন করা, মিথ্যা শপথ করা বা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের দুর্ভোগ বাড়ানোকে সমর্থন করে না। যে ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে সততা ও ন্যায়ের পথ বেছে নেন, তাঁর জন্য ইহকাল ও পরকালে সম্মানজনক প্রতিদান রয়েছে।
পবিত্র কোরআন ও হাদিসে সৎ ব্যবসায়ীদের জন্য কিছু বিশেষ পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি হলো নবী, সিদ্দিক ও শহীদদের সাহচর্য লাভ। ব্যবসায় লাভের আকাঙ্ক্ষা স্বাভাবিক, তবে সত্য বিসর্জন দিয়ে অর্জিত লাভ কল্যাণের পথ হয় না।
রাসুল (সা.) বলেছেন, "সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী (পরকালে) নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।" (সুনানে তিরমিজি, হাদিস: ১২০৯) ক্রেতাকে ঠকিয়ে অর্জিত বেশি অর্থের চেয়ে হালাল উপায়ে অল্প উপার্জন অনেক বেশি মূল্যবান। তাই ব্যবসার হিসাব শুধু লাভ-ক্ষতির খাতায় সীমাবদ্ধ না রেখে পরকালের পাল্লাকেও সামনে রাখা উচিত।
যে ব্যবসায়ী ক্রেতার অজ্ঞতার সুযোগ নেন না এবং মুনাফার জন্য বিবেককে বিসর্জন দেন না, তাঁর ব্যবসা পরকালীন সফলতার একটি বড় মাধ্যম হয়ে ওঠে। কেয়ামতের কঠিন ময়দানেও সৎ ব্যবসায়ীর জন্য বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। নবীজি (সা.) বলেছেন, "সত্যবাদী ব্যবসায়ী কিয়ামত দিবসে আরশের ছায়ায় থাকবে।" (আত–তারগিব ওয়াত–তারহিব, হাদিস: ৭৯৪)
কেয়ামতের দিন যখন মানুষ সামান্যতম নেক আমলের আশ্রয় খুঁজে বেড়াবে, তখন আল্লাহর আরশের ছায়া হবে পরম নিরাপত্তার স্থান। এই মর্যাদার অধিকারী হতে হলে ব্যবসায়ীকে সততা ও বিশ্বস্ততার গুণ ধারণ করতে হবে। সত্যবাদিতা ও বিশ্বস্ততা একজন ব্যবসায়ীর জন্য বেহেশতের পথে এগিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে।
রাসুল (সা.) বলেছেন, "সত্যবাদী ব্যবসায়ীর জন্য জান্নাতের দরজায় কোনো প্রতিবন্ধকতা থাকবে না।" (কানজুল উম্মাল, হাদিস: ৯২১৯) সৎ ব্যবসায়ীর জন্য আরও একটি বিস্ময়কর পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। নবীজি (সা.) ঘোষণা করেন, "সৎ ব্যবসায়ী প্রথম বেহেশতে প্রবেশ করবে।" (আল–মুসান্নাফ লি ইবনি আবি শায়বা, হাদিস: ৫৩৬৫)
এখানে শুধু বাধা মুক্তির কথা নয়, বরং অন্য সবার আগে, কাতারের অগ্রভাগে থাকার বিশেষ সম্মানের কথা বলা হয়েছে। এই প্রথম চারটি পুরস্কার মূলত আখেরাতমুখী ও সততাকেন্দ্রিক। তবে সৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য শুধু সত্য কথা বলায় সীমাবদ্ধ নয়; কথাবার্তায় নম্রতা, লেনদেনে উদারতা ও আচার-ব্যবহারে কোমলতাও তাঁর চরিত্রের সৌন্দর্য।
রাসুল (সা.) বলেছেন, "আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন, যে বিক্রয়ের সময়, ক্রয়ের সময় এবং নিজের পাওনা চাওয়ার সময় উদার ও নম্র থাকে।" (সহিহ বুখারি, হাদিস: ২০৭৬) অর্থাৎ, এখানে পুরস্কারের ভিত্তি শুধু সত্যবাদিতা নয়; বরং লেনদেনের প্রতিটি ধাপে আচরণগত নমনীয়তাও জরুরি। ক্রেতার সঙ্গে অযথা কঠোরতা না করা, পণ্যের ন্যায্য মূল্য গ্রহণ করা এবং নিজের পাওনা আদায়ের ক্ষেত্রেও ভদ্রতা বজায় রাখা একজন ব্যবসায়ীর উত্তম চরিত্রের পরিচয়।
ব্যবসায়ে মানুষের সঙ্গে উদার ও সহানুভূতিশীল আচরণ শুধু আল্লাহর রহমত লাভের কারণ নয়, এটি পাপ মাফেরও মাধ্যম হতে পারে। নবীজি (সা.) বলেছেন, "এক ব্যক্তি মানুষের সঙ্গে লেনদেন করত। সে যখন কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে সংকটে দেখত, তখন তার কর্মচারীদের বলত, তাকে ছেড়ে দাও, হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন। ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।" (সহিহ বুখারি, হাদিস: ২০৭৮)
এই হাদিসে একজন ব্যবসায়ীর জন্য গভীর শিক্ষা রয়েছে। ব্যবসার উদ্দেশ্য শুধু মানুষের কাছ থেকে পাওনা আদায় করা নয়; বরং সংকটে থাকা মানুষের প্রতি মানবিকতা প্রদর্শন করাও মহৎ চরিত্রের অংশ। বাজারে দাঁড়িয়েও একজন মানুষ জান্নাতের পথিক হতে পারেন, যদি তাঁর দাঁড়িপাল্লা, বাক্য, প্রতিশ্রুতি ও লেনদেন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়।
মতামত (0)