অর্থনীতিসুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল, নতুন ৩ শর্ত কার্যকর
সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল, নতুন ৩ শর্ত কার্যকর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে ব্যাংক গ্যারান্টির শর্ত আরোপ করেছে। প্রকৃত রপ্তানিকারকদের জন্য তিনটি শর্ত মানতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান বন্ড সুবিধা প্রত্যাহার করেছে। দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ রক্ষা এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহের সুযোগ সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ব্যবসায়ীরা বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে এই ধরনের সুতা আমদানি করতে পারবেন।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলা হয়েছে। কাস্টমস আইন ২০২৩-এর ২৬৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে এনবিআরের পক্ষে দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামান আদেশটি জারি করেন।
এনবিআর জানিয়েছে, দেশের টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছিল। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে গত ২০ আগস্ট ওই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাংলাদেশ কাস্টমস ট্যারিফের আওতাভুক্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে প্রচলিত বন্ড সুবিধা প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বন্ড সুবিধার বিকল্প হিসেবে ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার একটি নতুন কাঠামোও নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এনবিআর নতুন আদেশ জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকরাই ১০ থেকে ৩০ কাউন্টের এই কটন সুতা আমদানি করতে পারবেন। তবে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে।
আমদানিকারকদের সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএর দেওয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া, আমদানির সময় প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের একটি নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে। আমদানি করা কাঁচামাল বা ওই সুতা ব্যবহার করে উৎপাদিত পণ্য পুরোপুরি বিদেশে রপ্তানি করতে হবে।
রপ্তানি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত বা ফেরত দেওয়া হবে। আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে প্রকৃত আমদানিকারকদের সাময়িক জটিলতা এড়াতে পুরোনো চালানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আদেশ জারির তারিখ ৭ সেপ্টেম্বরের আগে যেসব সুতার চালান ইতোমধ্যে জাহাজীকরণ করা হয়েছে, সেসব চালানের ক্ষেত্রে নতুন শর্ত ও নিয়ম কার্যকর হবে না।
মতামত (0)