গতকাল রোববার ঠাকুরগাঁও জেলা জামায়াতের কার্যালয়ে এক সমাবেশে মো. দেলাওয়ার হোসেনকে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই সংসদীয় আসনটি শূন্য হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর।
মো. দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেলাওয়ার হোসেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে তৎকালীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দেলাওয়ার হোসেন ওই নির্বাচনে ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট পেয়েছিলেন।
গতকাল রোববারের ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অঞ্চল টিম সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম এবং পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেনও সমাবেশে উপস্থিত ছিলেন।



মতামত (0)