সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি হয়েছে। গতকাল শুক্রবার টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে অ্যালাবামার মন্টগোমারি রাজ্য আদালতে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া একটি বহুল প্রতীক্ষিত বিচারিক শুনানি স্থগিত হয়ে গেছে।
শুনানি শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগেই এই সমঝোতা সম্পন্ন হলো। এর মাধ্যমে টিকটক তাদের অভ্যন্তরীণ প্রযুক্তিগত তথ্য ও পরিচালনা সংক্রান্ত গোপনীয় বিষয় প্রকাশ হওয়া থেকে বিরত থাকতে সক্ষম হয়েছে। বিচার প্রক্রিয়াটি দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হতে পারতো বলে জানা যায়।
চুক্তি অনুযায়ী, টিকটক অ্যালাবামায় কিশোর বয়সী ব্যবহারকারীদের জন্য অ্যাপ ব্যবহারে নতুন সময়সীমা ও বিধিনিষেধ আরোপ করবে। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে বয়স যাচাইয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ক্ষতিপূরণ বাবদ প্রতিষ্ঠানটি অ্যালাবামাকে অন্তত ১০ কোটি মার্কিন ডলার দেবে।
যদি নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের আরও ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা একই ধরনের সমঝোতায় সই করেন, তবে মোট ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে ৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে। অ্যালাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে রাজ্যের অভিভাবকদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন হিসেবে উল্লেখ করেন।
অ্যালাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল গত বছর প্রথম টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াসহ যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি অঙ্গরাজ্য একই ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে। মামলার অভিযোগে বলা হয়েছিল, টিকটকের নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিম কিশোর-কিশোরীদের মধ্যে চরম আসক্তি তৈরি করে।
অ্যালাবামার অভিযোগ, অ্যাপটির অ্যালগরিদম অপ্রাপ্তবয়স্কদের ক্রমাগত সহিংসতা ও আত্মঘাতী কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে। এটি তরুণদের মানসিক স্বাস্থ্যের চরম অবক্ষয় ঘটিয়েছে এবং রাজ্যে আত্মঘাতী কর্মকাণ্ডের কারণে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির হার অস্বাভাবিক হারে বেড়েছে। মামলায় আরও দাবি করা হয়, গুগল, অ্যাপল এবং মাইক্রোসফটের অ্যাপ স্টোরগুলোতে নিজেদের অ্যাপকে কিশোরদের জন্য নিরাপদ হিসেবে রেটিং পেতে টিকটক ভুয়া দাবি করেছিল।
তারা সংবেদনশীল কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে বলে মিথ্যা দাবি করেছিল। একই সঙ্গে মার্কিন ব্যবহারকারীদের তথ্যে চীনা সরকারের প্রবেশাধিকার রয়েছে কি না, সে বিষয়েও ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়। এই মামলায় অঙ্গরাজ্যটির পক্ষ থেকে আর্থিক জরিমানা ও অন্যান্য প্রতিকার চাওয়া হয়েছিল।
টিকটকের মার্কিন কার্যক্রমের এক মুখপাত্র বিবৃতিতে জানান, তরুণদের সুরক্ষায় তাদের বিদ্যমান নিরাপত্তা সরঞ্জামগুলোকে আরও শক্তিশালী ও উন্নত করার যে মূল উদ্দেশ্য রয়েছে, এই চুক্তি তারই প্রতিফলন। তবে আইনি প্রক্রিয়ায় টিকটক যুক্তি দিয়েছিল যে, তরুণদের সুরক্ষাকে তারা সর্বদা প্রাধান্য দেয়। তারা আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’-এর ২৩০ নম্বর ধারা অনুযায়ী ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের দায় অনলাইন প্ল্যাটফর্মের ওপর বর্তায় না।



মতামত (0)