বিনোদন‘টক্সিক’ প্রথম দিনেই ১০০ কোটি পার, ‘আওয়ারাপন ২’ এর আয়ে ধীরগতি
‘টক্সিক’ প্রথম দিনেই ১০০ কোটি পার, ‘আওয়ারাপন ২’ এর আয়ে ধীরগতি
যশ অভিনীত ‘টক্সিক’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৪০ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে, যা একাধিক ব্লকবাস্টার ছবির রেকর্ড ভেঙেছে। একই সময়ে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ এর আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
গত ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যশ অভিনীত ছবি ‘টক্সিক’। ছবিটির মুক্তি ঘিরে ভারতের দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ছিল।
এই ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েও ছবিটি ভালো আয় করেছে। প্রথম দিনেই ‘টক্সিক’ ভারতীয় সিনেমার একাধিক ব্লকবাস্টার ছবির প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।
শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি রুপি আয় করেছিল। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ৬৩ কোটি ৮০ লাখ রুপি এবং শাহরুখের ‘জওয়ান’ ৭৫ কোটি রুপি আয় করেছিল। ‘কল্কি ২৮৯৮ এডি’ প্রথম দিনে ৯৫ কোটি ৩০ লাখ রুপি আয় করেছিল। ‘টক্সিক’ এসব ছবির প্রথম দিনের আয়কে পেছনে ফেলেছে।
‘টক্সিক’ বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। স্যাকনিল্ক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে ছবিটির নিট আয় হয়েছে ১০১ কোটি ১০ লাখ রুপি। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে ৫৫ কোটি রুপি, কন্নড় সংস্করণ থেকে ২৩ কোটি ৩০ লাখ রুপি, তেলেগু সংস্করণ থেকে ১৬ কোটি রুপি আয় হয়েছে।
তামিল সংস্করণে ৫ কোটি ৫০ লাখ রুপি এবং মালয়ালম সংস্করণ থেকে ১ কোটি ৩০ লাখ রুপি এসেছে। ভারতের বক্স অফিসে ভালো ব্যবসার পাশাপাশি বিশ্বজুড়েও ছবিটি দারুণ আয় করেছে। বিদেশের বাজারে গীতু মোহনদাস পরিচালিত এই ছবিটি ২০ কোটি রুপি আয় করেছে।
ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন ১২০ কোটি ৭৫ লাখ রুপি। প্রথম দিনেই ‘টক্সিক’-এর বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৪০ কোটি ৭৫ লাখ রুপি।
অন্যদিকে, ইমরান হাশমি ও দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপন ২’-এর আয় দ্বিতীয় বুধবারে অনেকটাই কমে গেছে। ‘টক্সিক’ মুক্তির প্রভাব ছবিটির বক্স অফিস ব্যবসায় পড়েছে বলে মনে করা হচ্ছে।
‘আওয়ারাপন ২’ প্রথম সপ্তাহে ১১৩ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল। দ্বিতীয় মঙ্গলবার ছবিটি ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করে। তবে দ্বিতীয় বুধবারে ছবিটির আয় মাত্র ৯০ লাখ রুপিতে নেমে এসেছে। সব মিলিয়ে ছবিটির মোট আয় এখন ১৪৩ কোটি ৬৫ লাখ রুপি।
যশকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ ২’ ছবিতে। দীর্ঘ চার বছর পর ‘টক্সিক’ ছবির মাধ্যমে তিনি প্রত্যাবর্তন করেছেন। ছবিটির গল্প, আবেগ ও সংলাপ দর্শকের মন জয় করতে পারেনি। তবে যশের অভিনয় প্রশংসা পেয়েছে।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে যশ ছাড়াও নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত অভিনয় করেছেন। ‘ওনাম’ উৎসব ও ছুটির অনেকটাই লাভ তুলেছে ‘টক্সিক’। আগামীকাল ভারতে রাখিবন্ধন উৎসব। এরপর সপ্তাহান্ত শুরু হবে।
বাণিজ্যিক বিশ্লেষকেরা অনুমান করছেন যে, টানা তিন দিন যশের ছবিটি বক্স অফিসে আরও ঝড় তুলতে পারে।
মতামত (0)