বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশা প্রকাশ করেছেন যে আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে। তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধীদলীয় সদস্য মো. নুরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেন, বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে ভোগান্তিতে রয়েছে। সরকার এই পরিস্থিতির প্রকৃত কারণ আড়াল করতে চায় না। ভুল নীতির প্রভাবের পাশাপাশি সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি জানান, দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদন সক্ষমতা প্রায় ১২ হাজার মেগাওয়াট। এই পরিমাণ বিদ্যুৎ শুধু গ্যাস দিয়ে উৎপাদন করতে প্রতিদিন প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। বর্তমানে দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে দৈনিক ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।
পুরো গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করলে শিল্প ও গৃহস্থালি খাতে সরবরাহ ব্যাহত হবে। তাই বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও গৃহস্থালি—এই তিন খাতের মধ্যে ভারসাম্য রেখে গ্যাস সরবরাহ করতে হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬১৬ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বর্তমানে বন্ধ রয়েছে। একই ক্ষমতার মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটও রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছে। দুটি ইউনিট দ্রুত পূর্ণ ক্ষমতায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আদানি থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে তিনি বলেন, চুক্তি অনুযায়ী ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। বর্তমানে দিনে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
এছাড়াও, আমদানি করা এলএনজি সরবরাহের জন্য দেশে দুটি এফএসআরইউ রয়েছে। এর মধ্যে একটি গত ২১ জুলাই ত্রুটিগ্রস্ত হওয়ায় মেরামতে প্রায় ২১ থেকে ২২ দিন সময় লাগে। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়, যার সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনে।
বর্তমানে এলএনজি সরবরাহ ব্যবস্থার প্রায় ৮৮ শতাংশ স্বাভাবিক করা সম্ভব হয়েছে। আগামী মাসের শুরুতেই জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হবে বলেও প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।



মতামত (0)