গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। ফুটপাতে বিশ্রামরত অবস্থায় মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এই দুর্ঘটনা ঘটে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফুটপাতে বসে থাকা মেহেদী হাসানকে চাপা দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দ্রুতগতিতে আসা গাড়িটি নির্মাণশ্রমিককে চাপা দেয়।
আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ বের করে আনেন। এ সময় ক্ষুব্ধ জনতা গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানান, নির্মাণশ্রমিক মেহেদী হাসান কাজের ফাঁকে ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন। গাড়িচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন আরও জানান, ঘটনাস্থলে জনতা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রাইভেট কারটিও আটক করা হয়েছে। আটক কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তার ছেলে।



মতামত (0)