আন্তর্জাতিকভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের ঘোষণা, মুসলিমদের উদ্বেগ
ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের ঘোষণা, মুসলিমদের উদ্বেগ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) দ্রুত কার্যকর করার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগে দেশটির মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত সব রাজ্যে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) দ্রুত কার্যকর করার ঘোষণা দিয়েছেন। বিজেপি সরকারের এই উদ্যোগ ভারতের বিশাল মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ভারতে ১৪০ কোটি মানুষের জন্য ফৌজদারি আইন একইরকম হলেও, বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো ধর্ম ও সম্প্রদায়ভেদে প্রচলিত নিজস্ব রীতি ও আইনের মাধ্যমে পরিচালিত হয়। এই বৈচিত্র্যময় ব্যবস্থার পরিবর্তে সব নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্য।
ইতিমধ্যে ভারতের অন্তত চারটি রাজ্যে ইউসিসি কার্যকর হয়েছে। গতকাল রোববার অমিত শাহ জানান, কয়েকটি রাজ্যে এরই মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অধীনে থাকা ২১টি রাজ্যের সবকটিতেই ইউসিসি বাস্তবায়ন করা সম্ভব হবে।
অভিন্ন দেওয়ানি বিধি চালুর এই উদ্যোগ বিশেষ করে মুসলিম নাগরিকদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা এবং নিজস্ব পারিবারিক রীতি অনুসরণের অধিকার নিয়ে শঙ্কা তৈরি করেছে। অন্যদিকে, ইউসিসির সমর্থকদের দাবি, এই আইন কার্যকর হলে বহুবিবাহের মতো প্রথা বন্ধ হবে। একই সঙ্গে সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত হবে।
ইউসিসির সমর্থকরা আরও দাবি করেন যে, আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ বাধ্যতামূলক হওয়ায় মুসলিম নারীর অধিকারও অন্য সম্প্রদায়ের নারীদের সমপর্যায়ে আসবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিন্দু। দেশটিতে প্রায় ২২ কোটি মুসলিমের বসবাস, যা জনসংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।
মতামত (0)