জাতীয়বিমান চলাচল বিধিমালা, ২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত
বিমান চলাচল বিধিমালা, ২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ সভা হয়েছে। মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এতে সভাপতিত্ব করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ বুধবার বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬-এর খসড়া চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভাপতির বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ ৪২ বছর পর বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ সংশোধন করে নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প্রণয়ন করার জন্য এই সভা আয়োজন করা হয়েছে। তিনি জানান, বর্তমান সরকার বেসামরিক বিমান খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, নতুন বিধিমালা অবশ্যই ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে। এছাড়া যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিধিমালায় প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।
উপস্থিত এয়ারলাইন্সের প্রতিনিধিগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তারাই মূল অংশীজন। তাই বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে বিধিমালা তৈরিতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বেসরকারি এয়ারলাইন্সের সুবিধা বিবেচনায় নিয়ে বিমান রক্ষণাবেক্ষণ সুবিধার বিধানে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, বিমানের জটিল যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনের পদক্ষেপ গ্রহণ করা হবে। কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণপূর্বক বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষার জন্য ইরোভোকেবল ডিরেজিস্ট্রেশন এন্ড এক্সপোর্ট রিকোয়েস্ট অথরাইজেশন (IDERA) সংক্রান্ত বিধি যুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, বিমানবন্দরের ভৌত অবকাঠামোর অগ্নি নিরাপত্তা নিশ্চিতে তিন মাস অন্তর পরিদর্শন মহড়া আয়োজন করতে হবে। দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের সুবিধার্থে একটি আন্তর্জাতিক মানের মেইনটেন্যান্স, রিপেয়ার এন্ড ওভারহোল (MRO) ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় এভিয়েশন হাব তৈরির লক্ষ্য পূরণ হবে। এছাড়া বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সের পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তাগণের সামনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নতুন বিধিমালা প্রণয়নে প্রস্তাবিত ধারাসমূহ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামানও সভায় অংশ নেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুনসহ সরকারি-বেসরকারি অংশীজনরা এই চূড়ান্তকরণ সভায় উপস্থিত ছিলেন।
মতামত (0)