"আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না।" কথাগুলো বলতে বলতে চেয়ারে বসে পড়েন মো. আলাউদ্দিন। সোমবার নগরের হালিশহর এলাকার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের কর্মকর্তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
আলাউদ্দিনের মতো আরও অনেক আমানতকারী টাকা তুলতে না পারাসহ বিভিন্ন সমস্যার অভিযোগ নিয়ে সেদিন ব্যাংকের জোনাল অফিসে জড়ো হন। সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির আহ্বানে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সংগঠনটির অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন জানান, কয়েক দিন আগে অসুস্থ মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে। ব্যাংকে আমানতের টাকা থাকার পরও প্রয়োজনের সময় তা তুলতে না পারায় তিনি মায়ের চিকিৎসা করাতে পারছেন না।
সংগঠনের নেতারা জানান, গত ১০ থেকে ১৫ দিন চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করে আমানতকারীদের সমস্যার কথা শুনেছেন তারা। তাদের অভিযোগ, বিভিন্ন শাখায় টাকা উত্তোলনসহ ব্যাংকিং সেবা নিতে গিয়ে গ্রাহকেরা অসহযোগিতার মুখে পড়ছেন।
সোমবারের কর্মসূচিতে আমানতকারীদের বিভিন্ন অভিযোগ নিয়ে জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন সংগঠনের নেতারা। তাদের দাবি, আলোচনার পর উপস্থিত আমানতকারীদের মধ্যে প্রায় ৬৬ জনের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।



মতামত (0)