অর্থনীতি

বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি, নির্ধারণ হয়েছে নতুন লক্ষ্যমাত্রা

বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি, নির্ধারণ হয়েছে নতুন লক্ষ্যমাত্রা
বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি, নির্ধারণ হয়েছে নতুন লক্ষ্যমাত্রা
সরকার চলতি বোরো মৌসুমে প্রতি কেজিতে ৪ টাকা বাড়িয়ে ধান ও চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে, যেখানে মোট সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে।

সরকার চলতি বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য প্রতি কেজিতে ৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এ বছর মোট সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৩ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে।

গমও ৩৬ টাকা কেজি দরে কেনা হবে। তবে গমের জন্য আলাদা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। এই তথ্য জানানো হয় বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গত বছরের সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল। এবারও সেই লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সংগ্রহের বিস্তারিত সময়সূচি ও মূল্য উল্লেখ করেন।

তিনি জানান, চলতি বোরো মৌসুমে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান, সেদ্ধ চাল এবং গম কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের দেওয়া উৎপাদন খরচের সঙ্গে লাভ যোগ করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, হাওরাঞ্চলে ইতোমধ্যেই ধান কাটা শুরু হয়েছে এবং পয়লা বৈশাখ থেকে তা পুরোদমে শুরু হবে। আগামীকাল তিনি সুনামগঞ্জের ধান কাটার উৎসবে অংশ নেবেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...