বিনোদনচুমু বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন রাম কাপুর
চুমু বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন রাম কাপুর
রিয়েলিটি শোতে তরুণ অভিনেত্রীকে চুমু দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রাম কাপুর। দীর্ঘ নীরবতার পর তিনি জানিয়েছেন, এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এবং ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
ভারতীয় ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা রাম কাপুর একটি রিয়েলিটি শোতে তরুণ অভিনেত্রী শ্রেয়া কালরার গালে চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। দীর্ঘ সময় ধরে তিনি এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি রাম কাপুর এই বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি দাবি করেন, ওই ঘটনার পেছনে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তার মতে, ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিতর্ক তৈরি করা হয়েছে।
অভিনেতা জানান, এ বিষয়ে শ্রেয়া কালরার সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে। শ্রেয়াও ঘটনাটিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন এবং বিষয়টি বুঝতে পেরেছেন। রাম কাপুর বলেন, ‘শ্রেয়ার সঙ্গে এ নিয়ে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। সে বিষয়টি বুঝতে পেরেছে।’
নিজের মেলামেশার ধরন প্রসঙ্গে রাম কাপুর বলেন, তিনি সবসময়ই এমন ধরনের মানুষ। মানুষের সঙ্গে মেলামেশা এবং অঙ্গভঙ্গির ক্ষেত্রে তিনি কিছুটা বেশি খোলামেলা। তিনি যোগ করেন, পুরো ক্যারিয়ারজুড়েই তিনি এমন ছিলেন।
রাম কাপুর তার দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারের প্রসঙ্গ তুলেছেন। তিনি অত্যন্ত গর্বিত যে, এই ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে কাজ করা কোনো নারী সহকর্মী কখনো তার বিরুদ্ধে একটি অভিযোগও করেননি। তাই কোনো প্রেক্ষাপট ছাড়া কোনো ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হলে সেটিকে তিনি একেবারেই গুরুত্ব দেন না।
তিনি আরও বলেন, 'আমি যেমন, তেমনই থাকব।' সমালোচকদের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, লোকে কী বলল তাতে তার কিছু যায়-আসে না। এসব ছোটখাটো বিষয় নিয়ে ভেবে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই।
রিয়েলিটি শো 'লক আপ ২' চলাকালীন একটি টাস্ক জেতার পর রাম কাপুর উত্তেজিত হয়ে শ্রেয়াকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন। সেই ঘটনায় শ্রেয়া রামের বিরুদ্ধে ব্যক্তিগত সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন এবং তার 'গায়ে পড়া স্বভাব' পছন্দ নয় বলেও জানিয়েছিলেন। তবে রাম কাপুর দাবি করেছেন, শোয়ের পর শ্রেয়া নিজেই নাকি বলেছিলেন তিনি এমন কিছু বলতে চাননি।
রাম কাপুর আরও উল্লেখ করেন, শ্রেয়া এখনও বয়সে অনেক ছোট। বয়স বাড়লে সে আসল বাস্তবটা বুঝবে। অভিনেতা জানান, শ্রেয়া নিজের কোনো শোয়ে ডাকলে তিনি আনন্দের সঙ্গেই যাবেন।
উল্লেখ্য, রাম কাপুর সম্প্রতি খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় বড় ধরনের পরিবর্তন এনে উল্লেখযোগ্য ওজন কমিয়েছিলেন। নতুন শারীরিক গড়ন ও লুকের কারণে তিনি প্রশংসাও পেয়েছেন। তবে ফিটনেস নিয়ে আলোচনার মধ্যেই এই চুমু দেওয়ার ঘটনা নিয়ে তিনি ফের সংবাদ শিরোনামে আসেন।
মতামত (0)