পণ্যের মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বাজার থেকে দশটি পণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা। এসব পণ্যের জন্য দেওয়া লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার, ২৬ আগস্ট এই তথ্য গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে। বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্সের অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য সংগ্রহ করে।
আন্তর্জাতিক মানের নিজস্ব অত্যাধুনিক ল্যাবরেটরিতে সংগৃহীত এসব পণ্য পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় কিছু পণ্যের মান সঠিক পাওয়া গেলেও কিছু ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল এবং মসলার মান পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় সেগুলো অকৃতকার্য হয়।
যে দশটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বম্বে সুইটস এন্ড কোং লিমিটেডের উৎপাদিত কারী পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলা। এছাড়াও বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস এর ‘অরুন বাঘাবাড়ী’ ব্র্যান্ডের ঘি, মেসার্স মামুন ফুড প্রোডাক্ট এর ‘নিউ রাঁধুনী’ ব্র্যান্ডের ঘি এবং মেসার্স মামুন ফুড প্রোডাক্ট এর ‘সিটি’ ব্র্যান্ডের ঘি বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। এলডার্স ফুড প্রোডাক্টস এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ এর ‘এলডার্স’ ব্র্যান্ডের বাটার অয়েলও এই তালিকায় রয়েছে। এসকল পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।



মতামত (0)