ইসলামে বিনিয়োগকে কেবল একটি আর্থিক হিসাব-নিকাশ হিসেবে দেখা হয় না। এটি ধনী বা অভিজ্ঞ ব্যবসায়ীদের বিশেষ সুবিধা নয়, বরং প্রতিটি মানুষের নিজের পায়ে দাঁড়ানোর একটি সামাজিক দায়িত্ব। পবিত্র কোরআনে মানুষকে পৃথিবীর দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, "তিনিই তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সেখানে তোমাদের বসতি স্থাপন ও তা আবাদ করার দায়িত্ব দিয়েছেন।" (সুরা হুদ, আয়াত: ৬১)
ইসলামের নীতি মেনে যখন কোনো ব্যক্তি তার উপার্জিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করেন, কর্মসংস্থান তৈরি করেন এবং সমাজকে স্বনির্ভর হতে সহায়তা করেন, তখন সেই বিনিয়োগ একটি জীবন্ত ইবাদতে রূপান্তরিত হয়। শেয়ারবাজার, বন্ড বা কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের আগে একজন বিশ্বাসী মানুষের মনে স্পষ্ট উদ্দেশ্য থাকা প্রয়োজন। কোরআনের দর্শন অনুযায়ী, জাগতিক সমৃদ্ধিকে পরকালের পাথেয় হিসেবে ব্যবহার করা উচিত।
কোরআনে বলা হয়েছে, "আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করো, তবে দুনিয়া থেকে তোমার ন্যায্য অংশটুকু নিতে ভুলো না; আর মানুষের প্রতি তেমন সুন্দর আচরণ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন।" (সুরা কাসাস, আয়াত: ৭৭) এই মূলনীতির আলোকে একজন সচেতন ব্যক্তির বিনিয়োগের পেছনে তিনটি প্রধান লক্ষ্য থাকে। এর মধ্যে রয়েছে পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করা।
নিজের উপার্জিত অর্থ দিয়ে পরিবারের অন্ন, বস্ত্র ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন: "কারও পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাদের ভরণপোষণের দায়িত্বে রয়েছে, তাদের অবহেলা করল বা বঞ্চিত রাখল।" (সহিহ মুসলিম, হাদিস: ৯৯৬) এর পাশাপাশি আয়ের বিকল্প উৎস তৈরি করাও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।
একটি নির্দিষ্ট বেতনের বাইরে সৎপথে উপার্জনের প্রবাহ থাকলে মানুষ অন্যের করুণার মুখাপেক্ষী হয় না। এটি ঋণ বা সুদের মতো আত্মঘাতী ফাঁদ থেকে রক্ষা পাওয়ার একটি বড় উপায়। অলস টাকা ঘরের সিন্দুকে বা ব্যাংকে ফেলে না রেখে তা সচল রাখলে অর্থনীতি গতিশীল হয়, নতুন কাজের সুযোগ তৈরি হয় এবং সমাজ পরনির্ভরশীলতার অভিশাপ থেকে মুক্তি পায়।
কোনো ব্যবসায় বা সম্পদে অর্থ বিনিয়োগের আগে আর্থিক ভিত্তি মজবুত করা অত্যন্ত জরুরি। অপরিকল্পিতভাবে ঝুঁকি নিলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে। এক্ষেত্রে প্রাথমিক তিনটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর প্রথমটি হলো সন্দেহজনক লেনদেন থেকে মুক্তি।
কোনো বিনিয়োগের আগে ব্যক্তিগত দায়দেনা শোধ করা এবং অতীত জীবনের সুদি বা হারাম লেনদেন থেকে তওবা করে বেরিয়ে আসা প্রাথমিক শর্ত। কারণ যে পথে সন্দেহ থাকে, সে পথে কল্যাণ আসতে পারে না। রাসুল (সা.) স্পষ্ট পথনির্দেশ দিয়ে বলেছেন, “হালালও সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট; আর উভয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়। অতএব যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলো এড়িয়ে চলল, সে নিজের দ্বীন ও আত্মমর্যাদাকে নিরাপদ রাখল।” (সহিহ বুখারি, হাদিস: ২০৫১)



মতামত (0)