অর্থনীতি

ইউআইইউতে আঞ্চলিক সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউআইইউতে আঞ্চলিক সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউআইইউতে আঞ্চলিক সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'দ্য আর্কাস ১.০' শীর্ষক আঞ্চলিক সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঢাকা অঞ্চলের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস (এসিইএস) ‘দ্য আর্কাস ১.০’ শীর্ষক একটি আঞ্চলিক সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতা ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শাখার জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ব্যবহারিক দক্ষতা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

ঢাকা অঞ্চলের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে তিন শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই)-এর ইউএপি স্টুডেন্ট চ্যাপ্টার, এনএসইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব, এসিআই আইইউবিএটি স্টুডেন্ট চ্যাপ্টার, ইডব্লিউইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার, বিইউবিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব এবং ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এম শামীম জেড বসুনিয়া। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট’র (এসিআই) বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি প্রফেসর ড. মো. তারেক উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেম মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ইউআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মুজিবুর রহমান স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথি প্রফেসর ড. শামীম জেড বসুনিয়া একজন প্রকৌশলীর পেশাগত জীবনে পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা ও পর্যবেক্ষণ ক্ষমতার গুরুত্ব তুলে ধরেন। তিনি ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণ, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, নির্মাণকাজের স্থায়িত্ব বৃদ্ধি, কার্বন নিঃসরণ কমানো এবং পুনর্ব্যবহৃত নির্মাণসামগ্রীর ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

বিশেষ অতিথি ড. মো. তারেক উদ্দিন টেকসই ও দীর্ঘস্থায়ী নির্মাণব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি কম-কার্বন, কার্বন-নিরপেক্ষ এবং কার্বন-ঋণাত্মক কংক্রিট নিয়ে গবেষণা ও উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। ভবিষ্যতের নির্মাণ খাতকে পরিবেশবান্ধব ও টেকসই করার জন্য তরুণ প্রকৌশলীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্বাগত বক্তব্যে প্রফেসর ড. মো. মুজিবুর রহমান ভবিষ্যৎ প্রকৌশলীদের সামনে জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি এসব সমস্যা মোকাবেলায় উদ্ভাবনী ও টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানান। ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেম মিয়া এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

‘দ্য আর্কাস ১.০’-এ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মোট পাঁচটি প্রতিযোগিতা বিভাগ ছিল। আর্কস্প্যান - ট্রাস নির্মাণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইউআইইউর ‘আনপ্রেডিক্টেবল’ দল। আর্কড্রিফট - সিসমিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইইউবিএটির ‘ডাইনামিক ফ্রেমস’ দল।

আর্কটাইট্রন - পেপার টাওয়ার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এনএসইউর ‘টিম কংক্রিট এভিডেন্স’ দল। আর্কোলজি - পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এনএসইউর ‘জিরোহিরো’ দল এবং আর্কোগ্রাফি - ভিডিও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইউআইইউর ‘উপলব্ধি’ দল। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, পুরকৌশল বিশেষজ্ঞ এবং বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...