আন্তর্জাতিক

জার্মানির রাজ্য নির্বাচনে বার্লিনে বামপন্থীরা এগিয়ে, উত্তর-পূর্বে কট্টর ডানপন্থীরা

জার্মানির রাজ্য নির্বাচনে বার্লিনে বামপন্থীরা এগিয়ে, উত্তর-পূর্বে কট্টর ডানপন্থীরা
জার্মানির রাজ্য নির্বাচনে বার্লিনে বামপন্থীরা এগিয়ে, উত্তর-পূর্বে কট্টর ডানপন্থীরা
গতকাল জার্মানির বার্লিন রাজ্য নির্বাচনে বামপন্থী দল ডি লিংকে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। মেকলেনবুর্গ–ভোরপোমার্ন রাজ্যে কট্টর ডানপন্থী এএফডি এগিয়ে রয়েছে।

গতকাল রোববার জার্মানির রাজধানী বার্লিনের রাজ্য নির্বাচনে বামপন্থী দল ডি লিংকে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছে। ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলনের পর এবারই প্রথম কোনো বামপন্থী দলের সামনে বার্লিনের মেয়রের কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে সবচেয়ে বেশি ভোট পেলেও ডি লিংকে এককভাবে সরকার গঠন করতে পারবে না। দলটিকে সরকার গঠনের জন্য জোটসঙ্গী খুঁজতে হবে। একটি সরকারি সম্প্রচারমাধ্যমের বুথফেরত ফলাফলে দেখা গেছে, ডি লিংকে ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পাচ্ছে।

ক্ষমতাসীন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ২০ শতাংশ ভোট পেতে যাচ্ছে। দলটির নেতৃত্বে আছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। কট্টর ডানপন্থী দল আলটারনাটিভে ফ্যুর ডয়েচলান্ড (এএফডি) ১৬ শতাংশ ভোট পাচ্ছে।

অন্যদিকে, মেকলেনবুর্গ–ভোরপোমার্ন রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থী দল এএফডি এগিয়ে রয়েছে। বুথফেরত ফলাফল অনুযায়ী, দলটি ৩৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে। তাদের ঠিক পেছনে রয়েছে মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি), যারা ৩৬ শতাংশ ভোট পেতে পারে।

মেকলেনবুর্গ–ভোরপোমার্ন রাজ্যের নির্বাচনের এই ফলাফলকে চ্যান্সেলর মের্ৎস ‘বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন। বার্লিনে গতকালের নির্বাচনে প্রায় ২৫ লাখ মানুষ ভোটার ছিলেন। মেকলেনবুর্গ–ভোরপোমার্নে ভোটার ছিলেন প্রায় ১৩ লাখ।

স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ছয়টায় শেষ হয়। ঐতিহ্যগতভাবে এই দুটি রাজ্য বামপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত। বার্লিনে রাজ্য নির্বাচনের আগে গত ১৯ সেপ্টেম্বর ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) দলের প্রধান প্রার্থী স্টেফান এভার্স এবং ডি লিংকের প্রধান প্রার্থী এলিফ এরাল্পের নির্বাচনী প্রচারের পোস্টার দেখা গেছে।

জার্মানির উত্তরাঞ্চলীয় মেকলেনবুর্গ–ভোরপোমার্ন রাজ্যের আঞ্চলিক নির্বাচনের প্রার্থীদের প্রচারের পোস্টার গত ১৮ সেপ্টেম্বর নইব্রান্ডেনবুর্গে দেখা যায়। দুই সপ্তাহ আগে মধ্য–পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজ্য স্যাক্সনি–আনহাল্টে এএফডির কাছে চ্যান্সেলর মের্ৎসের দল সিডিইউ বড় ব্যবধানে হেরে গিয়েছিল।

১৯৪৫ সালের পর জার্মানির কোনো রাজ্যের নির্বাচনে কোনো কট্টর ডানপন্থী দলের এটাই সবচেয়ে বড় সাফল্য। স্যাক্সনি–আনহাল্টের নির্বাচনে এএফডি ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ৮৩ আসনের রাজ্য পার্লামেন্টে ৩৯টি আসন পেয়েছিল। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪২টি আসন প্রয়োজন ছিল।

ক্ষমতায় আসার মাত্র ১৬ মাসের মধ্যে চ্যান্সেলর মের্ৎসের জনপ্রিয়তা প্রায় ১৪ শতাংশে নেমে এসেছে। তিনি মধ্য-বামপন্থী এসপিডির সঙ্গে মিলে সরকার পরিচালনা করছেন। অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পূরণে তিনি হিমশিম খাচ্ছেন। এতে তাঁর নেতৃত্ব নিয়ে নিজ দলের ভেতরেও প্রশ্ন উঠেছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...