সারাদেশযাত্রাবাড়ীর ধলপুরে গুলিতে নিহত ১, আহত ১
যাত্রাবাড়ীর ধলপুরে গুলিতে নিহত ১, আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন।
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন (৪০)। এই ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাত ১২টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত জাকারিয়া বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল। আহত জাকারিয়ার পায়ে গুলি লাগে।
আহত জাকারিয়া হাসপাতালে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, ছয় থেকে সাতজন হেলমেট পরা ব্যক্তি সেখানে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
জাকারিয়া আরও বলেন, দুর্বৃত্তরা এ সময় ‘ইমরান, দৌড় দিবি না’ বলে চিৎকার করছিল। হঠাৎ একটি গুলি এসে তাঁর পায়ে লাগে।
ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে বলেও জাকারিয়া উল্লেখ করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মতামত (0)