স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সহযোগিতা না করে শুধু এর ভিত্তিতে দাবি তুললে তা পরস্পরবিরোধী হয়ে যায়। তিনি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদকে জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের পর তিনি আশা করেছিলেন যে বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে। এই বোঝাপড়ার কারণে গতকাল কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে এরপর সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের উপনেতা সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে চান না বলে জানান।
এরপর ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার নির্বাচনের আগে একটি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল। তিনি জানান, সেই সময় প্রধানমন্ত্রী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করার কথা বলেন এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের একজন প্রার্থীর নাম দিতে বলেন। বর্তমান সংবিধান অনুযায়ী স্পিকার একজন এবং ডেপুটি স্পিকার একজন, সেই ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকেই অফার করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল তখন ডেপুটি স্পিকারের পদ নিতে রাজি হয়নি। তিনি উল্লেখ করেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদারতা এবং সদিচ্ছা সংবিধান সংশোধনের আগে থেকেই ব্যক্ত করেছে। সরকার ভেবেছিল, জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে, অর্থাৎ সংবিধান সংশোধিত হলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধনের জন্য বিধি ২২৬ অনুসারে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্য পদ খালি রাখা হয়েছে। তিনি আরও বলেন, সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্যসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্বও কমিটিতে রাখা হয়েছে।



মতামত (0)