আন্তর্জাতিকমালয়েশিয়ায় ৯ দেশের ১৪০ অভিবাসীকে ফেরত পাঠানো হলো
মালয়েশিয়ায় ৯ দেশের ১৪০ অভিবাসীকে ফেরত পাঠানো হলো
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ৯টি দেশের ১৪০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও ছিলেন। তাদের মালয়েশিয়ায় পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মালয়েশিয়ার কেদাহ রাজ্যে আটক বিভিন্ন দেশের ১৪০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিবাসীর মধ্যে বাংলাদেশি নাগরিকও ছিলেন। এই প্রত্যাবাসন প্রক্রিয়া গত ৯ সেপ্টেম্বর বুধবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ)-এর টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে সম্পন্ন হয়।
ফেরত পাঠানো ১৪০ জন অভিবাসীর মধ্যে ১১৭ জন পুরুষ, ২১ জন নারী এবং দুইজন শিশু রয়েছে। তারা কেদাহ রাজ্যের সিক এলাকার অভিবাসন বিভাগের বেলান্তিক ডিটেনশন ডিপোতে আটক ছিলেন।
এই অভিবাসীরা মিয়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং কেনিয়ার নাগরিক। মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছিল।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিরা সংশ্লিষ্ট আইনের অধীনে নির্ধারিত সাজা ভোগ সম্পন্ন করার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। ফেরত পাঠানোর বিমান টিকিটের খরচ আটক ব্যক্তি, তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস বহন করেছে।
মালয়েশিয়ায় অবৈধভাবে পুনঃপ্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তিকে দেশটির অভিবাসন বিভাগের ব্যবস্থাপনায় কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে তারা যাতে পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দেশটিতে অবৈধ অভিবাসীদের উপস্থিতি ও কার্যক্রম বন্ধে অভিযান, শনাক্তকরণ, আটক, বিচারিক প্রক্রিয়া এবং নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ অভিবাসীবিরোধী আইন প্রয়োগ আরও জোরদার করা হবে বলে বিভাগটি জানিয়েছে।
মতামত (0)