জাতীয়

মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘ম্যাগনেট বাবু’ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘ম্যাগনেট বাবু’ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার
মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘ম্যাগনেট বাবু’ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার
র‌্যাব বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকা থেকে মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবুকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, গুলি এবং মোট ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকা থেকে মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবু নামের এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

র‌্যাব-২ এর তথ্য অনুযায়ী, ম্যাগনেট বাবু একটি মাইক্রোবাসে করে মাদক সরবরাহের উদ্দেশ্যে মোহাম্মদপুর থানার তিন রাস্তা মোড়ের দিকে যাচ্ছিলেন। এই তথ্যের ভিত্তিতে বসিলা রোডে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয় এবং যানবাহনে তল্লাশি শুরু করেন র‌্যাব সদস্যরা।

তল্লাশির সময় একটি মাইক্রোবাস থামানো হলে চালকের কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবু।

পরে বিশেষ সতর্কতায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে মোট ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবু রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার বাবুলের বিরুদ্ধে পুলিশের অপরাধী শনাক্তকরণ ও পূর্ব অপরাধের তথ্য যাচাই করে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ডিএমপির কাফরুল থানায় একটি দস্যুতা মামলা এবং চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর একটি মামলায় তিনি অভিযুক্ত।

উদ্ধার করা অস্ত্র, গুলি, ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব-২ জানিয়েছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...