আন্তর্জাতিক

নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার

নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার
নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৮১০ জনে পৌঁছেছে এবং তিন হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালে নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। গত বুধবারের দুর্যোগে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৮১০ জনে পৌঁছেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও তিন হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যেই নেপালের ভোতেকোশি নদীর পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

বন্যায় নিহতদের মধ্যে নেপালে ৭৯৪ জন এবং চীনের তিব্বত অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নেপালে এখনও আড়াই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে শত শত মানুষ বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে চীনের তিব্বত অঞ্চলে আরও ৫৪৬ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তিব্বতের শিগাতসে এলাকায় উদ্ধারকারীরা এখনও কাউকে জীবিত খুঁজে পাননি। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল হিমশিম খাচ্ছে বলে জানা গেছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। গতকাল (৩০ আগস্ট) চীনের রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী, তিব্বতে নিখোঁজ ২৬১ জন বিদেশির মধ্যে শতাধিক নেপালি নাগরিক রয়েছেন। এক ডজনের বেশি দেশের কয়েক শ মানুষ নিখোঁজদের তালিকায় আছেন।

এসব ব্যক্তিরা কেউ সেখানে কাজ করতে, কেউ পাহাড়ে ভ্রমণ করতে এবং কেউ পবিত্র একটি শৃঙ্গ তীর্থযাত্রার জন্য গিয়েছিলেন। বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ। নেপালের ভোতেকোশি নদীর পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল (৩০ আগস্ট) মানুষের মোবাইল ফোনে বন্যার সতর্কবার্তা পাঠানো হয়। এ সময় উদ্ধারকারী দল ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত একটি এলাকার সঙ্গে কাঠমান্ডুর যোগাযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ করছিল।

চীনা কর্তৃপক্ষ উজানে পানির প্রবাহ বেড়ে যাওয়ার তথ্য নেপালকে জানিয়েছে। এই তথ্যের পর নেপালে নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়। চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবারের বন্যার পর উঁচু পাহাড়ি এলাকায় একটি নতুন হ্রদের সৃষ্টি হয়েছিল। সেই হ্রদের বেশির ভাগ পানি এরই মধ্যে নেমে গেছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...