রাজধানীর শাহজাহানপুর থেকে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের এক অ্যাডমিনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৩ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে মো: অহিদুর রহমান (৪৩) নামের ওই ব্যক্তিকে আটক করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী ইমরান সিদ্দিকী বুধবার (২৬ আগস্ট) এসব তথ্য জানান।
শাহজাহানপুর থানাধীন ২০ আউটার সার্কুলার রোডের রাজারবাগ এলাকায় ঢাকা ব্যাংক লিমিটেডের সামনে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, বিকাশ অ্যাপে ৮১ হাজার ২১৪ টাকা এবং নগদ অ্যাপে ৫০ হাজার ৪১ টাকা উদ্ধার করা হয়। এছাড়া, দুটি ব্যক্তিগত সিমকার্ড, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা এবং একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অহিদুর রহমান আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। র্যাবের কাছে তিনি স্বীকার করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক জুয়ার বেটিং সাইট পরিচালনা ও প্রচার করে আসছিলেন। র্যাবের দাবি অনুযায়ী, তিনি এই জুয়া ও বেটিং চক্রের একজন সুপার অ্যাজেন্ট হিসেবে কাজ করতেন।
তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের চ্যাট হিস্টোরি পর্যালোচনা করে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির সাথে জুয়া ও বেটিং সাইটের প্রচার এবং অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। র্যাব জানায়, অহিদুর রহমানের ব্যবহৃত স্যামসাং মোবাইলের ক্রোম ব্রাউজারের হিস্টোরি পর্যালোচনা করে একাধিক অনলাইন বেটিং সাইটের তথ্য পাওয়া যায়। এসব সাইটের কোনোটিতে তিনি অ্যাডমিন এবং কোনোটিতে অ্যাজেন্ট হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।



মতামত (1)