ধর্মপ্রজ্ঞা ও জ্ঞানের পার্থক্য: ফিতরাতি বাস্তুবিদ্যার ব্যাখ্যা
প্রজ্ঞা ও জ্ঞানের পার্থক্য: ফিতরাতি বাস্তুবিদ্যার ব্যাখ্যা
ফিতরাতি বাস্তুবিদ্যা জ্ঞান (ইলম) ও প্রজ্ঞা (হিকমাহ) এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে, যেখানে প্রজ্ঞা জ্ঞানের পরিমাণ নয় বরং তার পরিণতি এবং সঠিক প্রয়োগের ক্ষমতা।
মানুষের জ্ঞান বৃদ্ধির সঙ্গে প্রজ্ঞার বৃদ্ধি সব সময় সঙ্গতিপূর্ণ নয়। ইতিহাসে দেখা যায়, জ্ঞান বাড়লেও ধ্বংস বা মানবিকতার সংকোচন ঘটেছে। প্রযুক্তির উন্নতি হলেও মানবিকতা সংকুচিত হয়েছে এবং তথ্যের বিস্তার ঘটলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও বিভ্রান্ত হয়েছে।
এই বাস্তবতা জ্ঞান (ইলম) এবং প্রজ্ঞা (হিকমাহ) একই জিনিস কিনা, সেই প্রশ্ন তোলে। ফিতরাতি বাস্তুবিদ্যা এই প্রশ্নের উত্তরে প্রজ্ঞার একটি জ্ঞানতত্ত্ব নির্মাণ করেছে। এই দর্শনে প্রজ্ঞা জ্ঞানের পরিমাণকে বোঝায় না, বরং জ্ঞানের পরিণতিকে নির্দেশ করে।
অনেক তথ্য জানা মানুষকে তথ্যবান করতে পারে এবং বহু শাস্ত্রে দক্ষতা তাকে বিদ্বান করতে পারে। তবে শুধু সঠিক সম্পর্কের মধ্যে জ্ঞানকে স্থাপন করার ক্ষমতাই মানুষকে প্রাজ্ঞ করে তোলে। ইলম বস্তু, ঘটনা ও ধারণাকে জানতে শেখায়, আর হিকমাহ সেগুলোর যথার্থ স্থান নির্ধারণ করতে শেখায়।
জ্ঞান বলে, কী আছে। প্রজ্ঞা বলে কোনটি কোথায়, কখন এবং কী উদ্দেশ্যে প্রয়োগ করা হবে। তাই প্রজ্ঞা কোনো অতিরিক্ত জ্ঞান নয়, বরং এটি জ্ঞানের একটি সুসংবদ্ধ নেজাম বা ব্যবস্থা।
একটি বীজ সম্পর্কে উদ্ভিদবিদ্যা আমাদের ইলম শেখায়। কিন্তু সেই বীজ কখন বপন করতে হবে, কতটুকু নিতে হবে, কতটুকু ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট না করে কীভাবে তা ব্যবহার করতে হবে, এই বিচার হলো হিকমাহ। অতএব, প্রজ্ঞা হলো তথ্যের নৈতিক ও অস্তিত্বগত ফলাফলের বোধ।
ফিতরাতি বাস্তুবিদ্যা তথ্য, ইলম এবং হিকমাহকে একই ধারার তিনটি পৃথক স্তর হিসেবে বিবেচনা করে। তথ্য হলো বিচ্ছিন্ন বিষয়বস্তু, ইলম তথ্যকে অর্থপূর্ণ সম্পর্কের মধ্যে সংগঠিত করে। হিকমাহ সেই সংগঠিত জ্ঞানকে অস্তিত্বের বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে।
হিকমাহর উৎপত্তি তখনই শুরু হয়, যখন মানুষ বিচ্ছিন্ন বাস্তবতার মধ্যে অবিচ্ছিন্ন সম্পর্ক দেখতে শেখে। শিশুর চোখে পৃথিবী বিচ্ছিন্ন ঘটনার সমষ্টি হলেও, পরিণত বুদ্ধি উপলব্ধি করে যে নদী শুধু নদী নয়। নদী আসলে বৃষ্টি, পাহাড়, বন, মাটি, কৃষি, সভ্যতা এবং মানবজীবনের একটি অবিচ্ছিন্ন ধারার অংশ।
একইভাবে, মানুষও শুধু ব্যক্তি নয়। পরিবার, সমাজ, ইতিহাস, প্রকৃতি এবং সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্কের মধ্যেই তার প্রকৃত পরিচয় নিহিত। প্রজ্ঞা হলো এই আন্তঃসম্পর্ক দেখার ক্ষমতা। যে ব্যক্তি এই সম্পর্ক দেখতে পারে না, সে অনেক কিছু জানলেও সমগ্রকে বুঝতে পারে না।
ফিতরাতি বাস্তুবিদ্যা মনে করে, হিকমাহর প্রথম উৎস হলো মিজান বা বিচারশক্তি। মানুষের অন্তরে ভারসাম্য কায়েম হলে বিচারশক্তি সঠিকভাবে কাজ করে। নফস বা প্রবৃত্তি যদি আকল বা বুদ্ধিকে অধীন করে, তবে জ্ঞান কৌশলে পরিণত হয়।
ক্ষমতা যদি বিচারকে নিয়ন্ত্রণ করে, তবে জ্ঞান শাসনের হাতিয়ারে রূপান্তরিত হয়। লোভ যদি দৃষ্টিকে পরিচালিত করে, তখন জ্ঞান বাজারের পণ্যে পরিণত হতে থাকে। কিন্তু যখন আকল, ক্বালব (হৃদয়) ও ফিতরাত (স্বাভাবিক প্রবণতা) তাদের যথার্থ সম্পর্কের মধ্যে অবস্থান করে, তখন জ্ঞানের মধ্যে হিকমাহ জন্ম নিতে শুরু করে।
তাই প্রজ্ঞা কেবল চিন্তার সঙ্গে সম্পর্কিত নয়, এটি চরিত্রের সঙ্গেও সম্পর্কিত। এই ক্ষেত্রে তাজকিয়াহ বা আত্মশুদ্ধির গুরুত্ব অপরিহার্য। ইসলামি জ্ঞানপরম্পরায় বাতেনের পরিশুদ্ধি কখনো জ্ঞানচর্চার বাইরের বিষয় নয়।
কারণ, হৃদয় যদি অহংকার, হিংসা, লোভ কিংবা আত্মপ্রবঞ্চনায় আচ্ছন্ন থাকে, তবে আকল বাস্তবতাকে বিকৃতভাবে দেখতে শুরু করে। বিজ্ঞান প্রকৃতির নিয়ম উন্মোচন করবে, দর্শন অর্থ তলব করবে, শরিয়ত নৈতিক মিজান নির্ধারণ করবে এবং শিল্প সৌন্দর্যের অনুভূতি জাগ্রত করবে। এমনতরো সমগ্রতাই একটি প্রাজ্ঞ সভ্যতা নির্মাণ করে।
ফিতরাতি বাস্তুবিদ্যার ভাষায়, হিকমাহ এমন একটি আলো, যা আকলে যেমন জাহির হয়, তেমনি আখলাকে বা চরিত্রেও উদ্ভাসিত হয়। তাই প্রজ্ঞা অর্জনের জন্য শুধু অধ্যয়ন যথেষ্ট নয়, আত্মশুদ্ধিও অপরিহার্য। যে ব্যক্তি নিজেকে সংশোধন করে না, সে সাধারণত নিজের জ্ঞানকেও সংশোধন করতে পারে না।
তবে হিকমাহ শুধু আখলাকের ফল নয়, এটি দীর্ঘ অভিজ্ঞতারও পরিণতি। মানুষ যখন একই সত্যকে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে প্রত্যক্ষ করে, তখন তার জ্ঞান গভীরতা লাভ করে। যে চিকিৎসক বহু রোগী দেখেছেন, যে বিচারক বহু মানবিক সংকট প্রত্যক্ষ করেছেন এবং যে কৃষক বহু ঋতুচক্রের পরিবর্তন অনুভব করেছেন, তাঁদের জ্ঞানের মধ্যে এমন এক প্রজ্ঞা জন্ম নেয়, যা শুধু পুস্তক পাঠ থেকে অর্জিত হয় না। অভিজ্ঞতা কেবল তথ্য বাড়ায় না, বরং সে বিচারের সূক্ষ্মতা বৃদ্ধি করে।
ফিতরাতি বাস্তুবিদ্যা মনে করে যে হিকমাহর একটি সভ্যতাগত মাত্রাও আছে। কোনো সভ্যতা তখনই প্রাজ্ঞ হয়, যখন সে জ্ঞানের বিভিন্ন শাখাকে বিচ্ছিন্ন প্রতিযোগিতায় না দেখে পারস্পরিক পূর্ণতা বিধানের সম্পর্কে স্থাপন করে।
মতামত (0)