বিনোদন

পূজামণ্ডপে অয়ন মুখার্জির সঙ্গে আলিয়া ভাট

পূজামণ্ডপে অয়ন মুখার্জির সঙ্গে আলিয়া ভাট
পূজামণ্ডপে অয়ন মুখার্জির সঙ্গে আলিয়া ভাট
আজ সোমবার মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে দেখা গেল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। স্বামী রণবীর কাপুর নন, পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে পূজা উপভোগ করেন তিনি।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজা এখন চলছে। উৎসবের আমেজ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ বলিউড তারকাদের উপস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আজ সোমবার এই পূজামণ্ডপে হাজির হন অভিনেত্রী আলিয়া ভাট।

পূজা উপভোগ করতে দেখা যায় আলিয়াকে। তবে এবার তার সঙ্গে স্বামী রণবীর কাপুর ছিলেন না। অভিনেত্রী পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে পূজামণ্ডপে উপস্থিত হন। এদিন আলিয়া ম্যাজেন্টা গোলাপি শাড়ি ও ফিরোজা রঙের ব্লাউজ পরিহিত ছিলেন।

পূজামণ্ডপে আলিয়াকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই তার সঙ্গে সেলফি তোলার সুযোগ পান এবং কুশল বিনিময় করেন। অভিনেত্রীও হাসিমুখে ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছেন। উৎসবের আমেজে তিনি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তাদের আবদার রেখেছেন।

পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে আলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। কাজের সূত্রে গড়ে ওঠা এই সম্পর্কের বাইরেও তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব বিদ্যমান। নর্থ বম্বের এই পূজার সঙ্গে অয়নের পারিবারিক সম্পর্ক রয়েছে। তার দাদা চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ১৯৪৮ সালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে এই পূজামণ্ডপ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এটি মুম্বাইয়ের দুর্গাপূজার অন্যতম বড় আয়োজন হিসেবে পরিচিতি লাভ করেছে। এই মণ্ডপেই পূজা উদযাপনে কাজল ও রানি মুখার্জির মতো তারকারাও উপস্থিত হন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...