জাতীয়স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ইউনিয়ন পরিষদকে অগ্রাধিকার: সিইসি
স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ইউনিয়ন পরিষদকে অগ্রাধিকার: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে এসব ভোট আয়োজন করা হবে। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। এর আগে তিনি তিন নির্বাচন কমিশনারকে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন। একজন কমিশনার বিদেশে অবস্থান করায় তিনি এই সাক্ষাতে যোগ দিতে পারেননি।
প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট স্থায়ী এই বৈঠকে কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়। জবাবে রাষ্ট্রপতি সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনকে অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও দেশ-বিদেশে প্রশংসিত একটি নির্বাচন বলে অভিহিত করেন। তিনি এ জন্য কমিশনকে অভিনন্দন জানান।
প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে জানান, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনও সমান পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে পরিচালনা করতে কমিশন আগ্রহী। রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, নিরপেক্ষতা ও স্বাধীন সত্তা বজায় রাখতে তার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা থাকবে। রাষ্ট্রপতি আরও জানান, তিনি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান এবং প্রধানমন্ত্রীও একই বিষয়ে আগ্রহী।
নির্বাচন আয়োজনে ইসির সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশনের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আচরণবিধিমালা সংক্রান্ত নথি আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষে ফেরত এসেছে। এখন শুধু সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির কাজ বাকি রয়েছে। সচিবালয়কে সার্বিক প্রস্তুতি সম্পন্ন রাখতে বলা হয়েছে এবং সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই কমিশন নির্বাচনী কাজে নেমে পড়বে।
তফসিল ও ভোটের সময়সূচি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। দুটি নির্বাচনের সময় যাতে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করেই কমিশন এগোচ্ছে।
সেপ্টেম্বরের মধ্যেই একটি তফসিল দিতে সক্ষম হওয়ার আশা প্রকাশ করেন তিনি। তবে নির্বাচন প্রক্রিয়া আগামী বছরের শুরু পর্যন্ত সময় নিতে পারে বলে তিনি জানান। বন্যা, দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা এবং আগামী বছর ফেব্রুয়ারির শেষভাগ থেকে রমজান শুরু হয়ে এরপর ঈদুল আজহা, গ্রীষ্ম ও বর্ষা মৌসুম চলে আসায় হাতে থাকা উপযোগী সময় খুবই সীমিত বলেও প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ করেন।
শীতকালে স্কুলের বার্ষিক পরীক্ষা থাকায় এবং সে সময় স্কুলভবন ও শিক্ষকদের ভোটকেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তা হিসেবে ব্যবহার করা হয় বলে বিষয়টি মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হবে। পরীক্ষা দ্রুত শেষ হলে নভেম্বরের শেষ নাগাদ ভোট শুরুর চেষ্টা করা হবে বলেও সিইসি জানান।
কোন এলাকা অগ্রাধিকার পাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ আইন অনুযায়ী আগেই শেষ হয়ে গেছে, সেগুলোকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। আগে ছয়টি ধাপে এবং আরও কিছু বিবিধ আসনে মিলিয়ে মোট সাতটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও যেসব ইউনিয়নে আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো আগে চিহ্নিত করা হবে।
তিনি আরও বলেন, এসব নির্বাচন যেন খারাপ মৌসুমে না পড়ে, সেদিকেও খেয়াল রাখা হবে। উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের শুষ্ক মৌসুমকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে। দেশে ও প্রবাসে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুযোগ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও প্রধান নির্বাচন কমিশনার জানান।
তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটার সংখ্যা তুলনামূলক কম। তাই সীমিত পরিসরে সেখানে পোস্টাল ব্যালট চালু করা হবে, যা প্রবাসী ভোটারদের জন্যও প্রযোজ্য হবে। এই পদ্ধতি যাতে ভবিষ্যতেও ব্যবহার করা যায়, সেজন্য পরামর্শকদের মাধ্যমে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং একটি ম্যানুয়ালও তৈরি করা হচ্ছে। এতে বর্তমান কমিশন দায়িত্বে না থাকলেও ভবিষ্যতে অন্য কমিশন এই ব্যবস্থা চালিয়ে নিতে পারবে।
মতামত (0)