শিক্ষা

উপাচার্য পুনর্বহালের দাবিতে অচল চুয়েট, দ্বিতীয় দিনের মতো শাটডাউন

উপাচার্য পুনর্বহালের দাবিতে অচল চুয়েট, দ্বিতীয় দিনের মতো শাটডাউন
উপাচার্য পুনর্বহালের দাবিতে অচল চুয়েট, দ্বিতীয় দিনের মতো শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাটডাউন চলছে। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মূল ফটক বন্ধ রেখেছেন।

আজ বুধবার সকাল থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর মূল ফটক বন্ধ রেখে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে এটি শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের ‘শাটডাউন’ কর্মসূচি। একইসঙ্গে শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ করছেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে এই কর্মসূচি চলছে। সকল শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে এবং সকল ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চুয়েটে সম্পূর্ণ শাটডাউন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

গত সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি শিক্ষার্থীরা গত সোমবার রাতে জানতে পারেন।

গত সোমবার রাত সাড়ে দশটার দিকে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। হল থেকে বেরিয়ে ছাত্রীরাও মিছিলে যোগ দেন। পরে রাত বারোটার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।

গতকাল মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন। এর ফলে চুয়েটে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি এবং প্রশাসনিক ভবনেও কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। চুয়েট শিক্ষক সমিতিও শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম ক্যাম্পাসে আসেন। তখন আন্দোলনকারীরা চুয়েট এর মূল ফটকের তালা খুলে দেন। গতকাল রাতেও চুয়েট এর মূল ফটকে তালা লাগানো ছিল এবং কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে ছিলেন।

গতকাল বিকেলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত চুয়েটের সকল একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা, ল্যাব এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে। তবে জরুরি ও মানবিক সেবার স্বার্থে নিরাপত্তা শাখা ও মেডিকেল সেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও ঘোষণা করা হয়।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...