ইমন চৌধুরী ও তাঁর দল বেঙ্গল সিম্ফনি একটি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য আয়োজিত ‘মিউজিক@ডেস্ক’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।
গতকাল একটি সংবাদমাধ্যমের কার্যালয়ে আয়োজিত ‘মিউজিক@ডেস্ক’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইমন চৌধুরী ও তাঁর দল বেঙ্গল সিম্ফনি। কর্মীদের আনন্দ দিতে এটি ছিল ওই প্রতিষ্ঠানের নিয়মিত মাসিক আয়োজন। অনুষ্ঠানে ইমন চৌধুরী ও তাঁর দলকে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানের সংস্কৃতি বিষয়ক প্রধান কবির বকুল।
উপস্থিত কর্মীরা করতালি দিয়ে শিল্পী ও তাঁর দলকে বরণ করে নেন। এবারের আয়োজনে মোট পাঁচটি গান পরিবেশিত হয়। শুরুতেই হাশিম মাহমুদের লেখা ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ গানটি শোনানো হয়।
কোক স্টুডিওতে আলোচিত এই গানটি যৌথভাবে গেয়ে শোনান ইমনের ব্যান্ডের সদস্য এরফান মৃধা শিবলু ও আলেয়া বেগম। গানটি শেষ হলেও যন্ত্রানুসঙ্গের তালে তালে শ্রোতারা মেতে ওঠেন। গান শেষে ইমন চৌধুরী বলেন, “কাজের ফাঁকে আপনাদের গান শোনাতে পারছি, এটা অনেক আনন্দের। আপনারা গান শুনতে এসেছেন, এ জন্য ধন্যবাদ। আশা করি, আমাদের আরও মিষ্টি কিছু গান আপনাদের ভালো লাগবে।”
এরপর ইমন ‘প্রাণ ধরিয়া মারো টান’ গানটি পরিবেশনের কথা বলতেই শ্রোতাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অতনু তিয়াসের গীতিকবিতার এই গানটি উপস্থিত প্রায় সবার পছন্দের ছিল। গান গাওয়ার একপর্যায়ে ইমন চৌধুরী মাইক্রোফোন থেকে মুখ সরিয়ে শ্রোতাদের উদ্দেশে বলেন, “আপনাদের পছন্দের মানুষের জন্য গানটি উৎসর্গ করলাম। এবার সবাই একসঙ্গে গানটি গাইব।” ইমন তাল ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের কর্মীরাও গানটিতে কণ্ঠ মেলান।
তৃতীয় গান হিসেবে ‘তোমায় আমি ধরতে পারি বাজি’ লাইনগুলো বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত সবাই আবারও উচ্ছ্বাস প্রকাশ করেন। এই গানটিও যেন শ্রোতাদের পছন্দের তালিকায় ছিল। বাদ্যযন্ত্রের তালে তালে সবাই গানটি গেয়ে ওঠেন। ইমন চৌধুরী জানান, তাঁদের প্রথম গান ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ গানটির সিকুয়েল হলো এটি। গানটির কথা ও সুর হাশিম মাহমুদের।
ইমন চৌধুরী ও আলেয়া বেগম ছাড়াও গানের দলের বিশেষ আকর্ষণ ছিলেন এরফান মৃধা শিবলু। তিনি এর আগে ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এবার তাঁরা সেই সিনেমার জনপ্রিয় গান ‘আটটা বাজে দেরি করিস না’ পরিবেশন করেন। এই গানের আগে বিশেষ বাদ্যযন্ত্রের ব্যবহার শ্রোতাদের মুগ্ধ করে। গান শেষ হলেও দীর্ঘ সময় এর শেষ অংশের সংগীত শ্রোতাদের ধরে রাখে। গানটির গীতিকার ও সুরকার ভারতের বীরভূমের শিল্পী মনিরুদ্দিন আহমেদ। সিনেমায় গানটির সংগীতায়োজন করেছিলেন ইমন চৌধুরী, যা সেই সময় তুমুল আলোচিত হয়।
বিভিন্ন আয়োজনে এরফান মৃধা এই গান বহুবার গেয়েছেন। তবে এবারের অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই আলাদা ছিল। এ নিয়ে তিনি বলেন, “এই প্রতিষ্ঠানের যেকোনো আয়োজন সব সময় নিজের মনে হয়। যে কারণে মনটা ভালো থাকে। কারণ, এখানকার সবাই আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষ। তাঁরা সময় করে গান শুনতে এসেছেন এটা দেখে ভালো লেগেছে। ব্যস্ত মানুষদের কিছুটা সময় গানের মধ্য দিয়ে বিনোদন দিতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে।”
শেষ গান হিসেবেও ‘হাওয়া’ সিনেমায় ব্যবহৃত ‘সাদা সাদা কালা কালা’ গানটি বেছে নেওয়া হয়। গানটির কথা ও সুর হাশিম মাহমুদের। ইমন চৌধুরীর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়ে এরফান মৃধা রাতারাতি অভিনেতা থেকে গায়ক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। ৪ মিনিটের শেষ গানটি ৮ মিনিটে গিয়ে শেষ হয়। গানটি পরিবেশনা শেষে ইমন চৌধুরী বলেন, “অসাধারণ কিছু মানুষের সামনে গান করাটা সব সময়ই আনন্দের ও সৌভাগ্যের। ভালোবেসে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত হয়েছি।”
গান শেষে সংগীতশিল্পী ও কুশলীদের আবারও ধন্যবাদ জানান কবির বকুল। এ সময় তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হককে মঞ্চে ডেকে নেন। আনিসুল হক বলেন, “অসম্ভব সুন্দর কিছু গান আমরা শুনলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের গান শোনানোর জন্য। আমাদের জন্য আপনারা আরও ভালো গান করে যাবেন, সেটাই প্রত্যাশা।”
গানের সঙ্গে সংগত করেন মিম ও অন্তরা (কোরাস), সুমন (ভোকাল ও বাঁশি), বুলেট (কি–বোর্ড), মিঠুন দে (বেজ গিটার), লিংকন (অ্যাকুয়াস্টিক গিটার), লিটন (ড্রামস ও তবলা), সজল (ঢোল)। এ ছাড়া ওয়্যারলেস মাইক্রোফোন পরিচালনায় ছিলেন দস্তগীর, নদী–সেলিম ও আশিক। এই আয়োজনটি ছিল কর্মীদের বিনোদনের জন্য একটি প্রতিষ্ঠানের নিয়মিত ‘মিউজিক@ডেস্ক’ কর্মসূচির ১৬তম পর্ব। এই অনুষ্ঠানের রেকর্ডকৃত পরিবেশনা আজ মুক্তি পাবে।
মতামত (0)