আন্তর্জাতিকইরানের সরকার পতনের পথে: নেতানিয়াহু
ইরানের সরকার পতনের পথে: নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সরকার গুরুতর চাপে আছে এবং পতনের দিকে এগোচ্ছে। তিনি বলেন, ইরান ইসরাইলের সামরিক শক্তি সম্পর্কে অবগত।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, ইরানের ইসলামি প্রজাতন্ত্র এখন গুরুতর চাপের মুখে রয়েছে। তিনি দাবি করেন, দেশটির সরকার পতনের দিকে এগোচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলি সামরিক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা শুরুর পর নেতানিয়াহু এ দাবি করেন।
নেতানিয়াহুর ভাষ্যমতে, ইরান বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে দুর্বল অবস্থায় আছে। দেশটির সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ইরানের সরকার টলমল অবস্থায় রয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করা এবং দেশটির বর্তমান সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। তার দাবি, এই লক্ষ্য অর্জন এখন আর সুদূরপরাহত নয়।
ইসরাইল দীর্ঘদিন ধরে ইরানকে নিজেদের জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে সামরিক অভিযান শুরু করেছিল। পরে এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
এর মধ্যেই এই সপ্তাহে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়েছে। পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়ানো হয়েছে। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি জর্ডান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে হামলা চালিয়েছে।
তবে ইরান এখনো ইসরাইলে কোনো হামলা চালায়নি। নেতানিয়াহু এই বিষয়টিকে ইসরাইলের সামরিক শক্তির প্রভাব হিসেবে দেখছেন। তিনি দাবি করেন, ইরান ইসরাইলের শক্তি, অস্ত্রের সক্ষমতা ও দৃঢ়তার বিষয়টি জানে বলেই দেশটিকে হামলার লক্ষ্য বানাচ্ছে না।
মতামত (0)