বিনোদন

কিউরেটেড কারস ২০২৬: এক ছাদের নিচে ক্লাসিক ও আধুনিক গাড়ির মেলা

কিউরেটেড কারস ২০২৬: এক ছাদের নিচে ক্লাসিক ও আধুনিক গাড়ির মেলা
কিউরেটেড কারস ২০২৬: এক ছাদের নিচে ক্লাসিক ও আধুনিক গাড়ির মেলা
তেজগাঁওয়ের আলোকিতে দুই দিনব্যাপী কিউরেটেড কারস ২০২৬ প্রদর্শনীতে ক্লাসিক, এক্সোটিক, ইভি ও লাক্সারিয়াস গাড়ির বিশাল সংগ্রহ উপস্থাপন করা হয়েছে।

তেজগাঁওয়ের আলোকিতে সম্প্রতি রাহিমোটোর কিউরেটেড কারস ২০২৬ আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে ক্লাসিক, এক্সোটিক, হাই ভ্যালু, ইভি এবং লাক্সারিয়াস গাড়ির এক বিশাল সংগ্রহ উপস্থাপন করা হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজন গতকাল ১১ সেপ্টেম্বর শুরু হয়ে আজ ১২ সেপ্টেম্বর শেষ হয়েছে।

এই প্রদর্শনী দেশের গাড়িপ্রেমীদের এক ছাদের নিচে একত্রিত করার সুযোগ করে দিয়েছে। এখানে পুরোনো দিনের নকশার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ঝলক দেখা গেছে। প্রতিটি গাড়িই যেন নিজের আলাদা এক গল্প তুলে ধরেছিল, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

মার্সিডিজ-বেঞ্জের জনপ্রিয় জি-ওয়াগনের সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ জি৫৮০ ইলেকট্রিক জি-ওয়াগন প্রদর্শনীতে স্থান পেয়েছিল। এটি আধুনিক বৈদ্যুতিক গাড়ির সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। হোন্ডার উচ্চক্ষমতাসম্পন্ন গাড়ির সিরিজ হোন্ডা টাইপ আর এই আয়োজনে প্রদর্শিত হয়েছে। এই মডেলটি তার হালকা গড়ন এবং তীক্ষ্ণ হ্যান্ডলিংয়ের জন্য গাড়িপ্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।

সুবারুর পারফরম্যান্স গাড়ির সিরিজ সুবারু এসটিআইও এই আয়োজনে উপস্থিত ছিল। র‍্যালি রেসিং থেকে উঠে আসা এই গাড়িগুলো তাদের গতি এবং নিয়ন্ত্রণের জন্য সুপরিচিত। ফোক্সওয়াগেনের জনপ্রিয় ভ্যান সিরিজ ফোক্সওয়াগেন ট্রান্সপোর্টারও এই প্রদর্শনীতে দেখা গেছে। বিশেষ করে এর পুরোনো মডেলগুলো এখন রেস্টোমড এবং ক্লাসিক গাড়ির অনুষ্ঠানে বেশ প্রাধান্য পায়।

টয়োটার ল্যান্ড ক্রুজার সিরিজের একটি পুরোনো ক্লাসিক মডেল এফজে৪০ এখানে প্রদর্শিত হয়েছে। এই গাড়িটি তার শক্তপোক্ত গড়ন এবং অফ-রোড সক্ষমতার জন্য বিখ্যাত। ব্রিটিশ ব্র্যান্ড এমজির একটি ক্লাসিক রোডস্টার এমজি এমজিবি (১৯৭১) দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করেছে। ইতালিয়ান ব্র্যান্ড ফিয়াটের একটি পুরোনো সেডান মডেল ফিয়াট ১৫০০ সেডানও আয়োজনে স্থান পেয়েছিল। এটি তার সাদামাটা অথচ কালজয়ী নকশার জন্য পরিচিত।

ফিয়াটের একটি স্পোর্টস কার ফিয়াট এক্স১/৯ও প্রদর্শিত হয়। এই মিড-ইঞ্জিন নকশার গাড়িটি ছিমছাম আকারের কারণে ক্লাসিক গাড়ির অনুরাগীদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। ম্যাকলারেনের হাইব্রিড সুপারকার ম্যাকলারেন আরতুরা প্রদর্শনীতে ছিল। পেট্রল ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটরের সমন্বয়ে তৈরি এই গাড়ি গতি ও প্রযুক্তি দুটোই একসঙ্গে তুলে ধরেছে।

পোরশের কিংবদন্তি ৯১১ সিরিজের উচ্চক্ষমতাসম্পন্ন সংস্করণ পোরশে ৯১১ টার্বোও এখানে উপস্থিত ছিল। এই মডেলটি দশকের পর দশক ধরে স্পোর্টস কারের এক অনন্য উদাহরণ হয়ে আছে। নিসানের কিংবদন্তি পারফরম্যান্স কার নিসান জিটি-আর এই আয়োজনে স্থান পেয়েছে। জাপানি গাড়ির ইতিহাসে এটি গতি এবং প্রযুক্তির অন্যতম প্রতীক হিসেবে পরিচিত।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...