সারাদেশকুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫৪ জন আটক
কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫৪ জন আটক
গতকাল শনিবার রাতে কুমিল্লায় কিশোর গ্যাং সদস্য সন্দেহে ২৫৪ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কুমিল্লা জেলায় গতকাল শনিবার রাতে কিশোর গ্যাং সদস্য সন্দেহে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আজ রোববার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান (মিডিয়া) এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। এটি কুমিল্লা জেলার কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের একটি অংশ। জেলা পুলিশ এবং ডিবি পুলিশ একযোগে এই অভিযানে অংশ নেয়।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ধরে এই অভিযান চলে। কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বখাটে কিশোরদের উৎপাত রয়েছে এমন সব স্থানে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।
আটককৃত ২৫৪ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উঠতি বয়সী কিশোররা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশ নিয়মিত এই অভিযান পরিচালনা করছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান (মিডিয়া) জানান, কিশোর অপরাধ রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর। এর আগে গত ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। সেই অভিযানে যাচাই-বাছাই শেষে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বাকিদের পুলিশ মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছিল।
মতামত (0)