ধর্ম

মক্কায় বিরল তৃতীয় হিজরির কোরআন পাণ্ডুলিপি প্রদর্শন

মক্কায় বিরল তৃতীয় হিজরির কোরআন পাণ্ডুলিপি প্রদর্শন
মক্কায় বিরল তৃতীয় হিজরির কোরআন পাণ্ডুলিপি প্রদর্শন
সৌদি আরবের মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় পবিত্র কোরআন জাদুঘরে হিজরি তৃতীয় শতকের একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। এটি কোরআনের লিখনপদ্ধতির প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ দলিল।

সৌদি আরবের মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে হিজরি তৃতীয় শতকের একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটি কোরআনের লিখনপদ্ধতির প্রাথমিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত। গতকাল রোববার (৩০ আগস্ট) এই তথ্য জানানো হয়।

প্রদর্শিত পাণ্ডুলিপিটিতে সূরা মারইয়ামের একটি অংশ রয়েছে। এটি প্রাণীর চামড়ার ওপর লাল কালিতে লেখা। লেখাগুলোতে কোনো হরকত বা নুকতা ব্যবহার করা হয়নি। প্রাচীন যুগে কোরআন লেখার ক্ষেত্রে হরকত ও নুকতাবিহীন লিপি ব্যবহার করা ছিল একটি অন্যতম বৈশিষ্ট্য।

এই পাণ্ডুলিপির মাধ্যমে জাদুঘরে আসা দর্শনার্থীরা কোরআনের লিখনপদ্ধতির ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারেন। একইসঙ্গে ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে কোরআন সংরক্ষণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কেও তারা ধারণা লাভ করেন।

কোরআন জাদুঘরটি মক্কার হেরা সাংস্কৃতিক এলাকার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এখানে দর্শনার্থীরা কুরআনের ইতিহাস এবং পাণ্ডুলিপি সংরক্ষণের ধারা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান। জাদুঘরে বিভিন্ন ধরনের বিরল পাণ্ডুলিপি, ঐতিহাসিক কুরআন, দৃশ্য-প্রদর্শনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে।

এই জাদুঘরটি হেরা পাহাড়ের পাদদেশে অবস্থিত হেরা সাংস্কৃতিক এলাকার একটি অংশ। এটি দর্শনার্থীদের জন্য ওহি অবতীর্ণ স্থানের সঙ্গে একটি জ্ঞানগত সংযোগ তৈরি করে। এর ফলে মক্কা ও হজযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। আধুনিক উপস্থাপনার মাধ্যমে কুরআনের ঐতিহ্য ও ইতিহাস এখানে তুলে ধরা হয়।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...