রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ওয়ান ওয়ার্ল্ড: ওয়ান হিউম্যানিটি’ নামক এক অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তা দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে বলেছেন, যদি কোনো হিন্দু মুসলিম-হীন ভারত চান, তাহলে তিনি হিন্দুধর্মের প্রকৃত ভাবনাকে অনুসরণ করছেন না। আরএসএস-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়েছিল।
মোহন ভাগবত নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে ধর্মকে অনেকটাই আচার-অনুষ্ঠানের মাধ্যমে দেখা হয়, যদিও এর আসল উদ্দেশ্য মানুষকে সত্যের পথে চালিত করা। ধর্মীয় নিয়মকানুন ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় হলেও, মূল লক্ষ্য হলো সত্যের সন্ধান।
তিনি আরও বলেন, তিনি এমন একটি সমাজে কাজ করেন যেখানে ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় যে ধর্ম ভিন্ন হলেও মানবতা এক। সত্য এক এবং এই সত্য থেকেই মানবতার সৃষ্টি হয়েছে। প্রতিটি মানুষেরই সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে এবং মানুষের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।
আরএসএস প্রধান ভারতের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে সমাজকে শিক্ষিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি মন্তব্য করেন যে, বিদেশি আক্রমণের পরেও ভারতের ঐতিহ্য টিকে রয়েছে এবং এই ঐতিহ্য মানুষকে ‘এক পৃথিবী, এক মানবতা’-র ধারণা দিয়েছে। হিন্দু জীবনধারার পথে চলার অনেক রাস্তা থাকলেও, শেষ পর্যন্ত তা একই পরম সত্যের দিকে নিয়ে যায় বলে তিনি জানান।
নিজের বক্তব্যে মোহন ভাগবত হিন্দুধর্ম নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, ২০১৮ সালে কয়েকজন মুসলিম তাকে আরএসএস-এর ‘হিন্দু রাষ্ট্র’ ভাবনা নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন যে, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তবে তিনি প্রকৃত হিন্দুধর্মের অনুসারী নন।



মতামত (0)