বিনোদনঅভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী পছন্দের খাবার নিয়ে মন্তব্যে সমালোচিত
অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী পছন্দের খাবার নিয়ে মন্তব্যে সমালোচিত
টালিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বাংলাদেশে গরুর মাংস নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়েছেন। তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন।
টালিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী নিজের পছন্দের খাবার নিয়ে মন্তব্য করে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। এমনকি তাকে ডিম ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে।
চলতি মাসে বাংলাদেশ সফরে এসে এক সাক্ষাৎকারে বিশ্বজিৎকে বাংলাদেশের পছন্দের খাবার সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে অভিনেতা জানান, গরুর মাংস ও ইলিশ মাছ তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে। তিনি দুপুরে মাংস-ভাত খেয়েছেন এবং রাতেও গরুর মাংস খেতে যাওয়ার কথা বলেন।
বিশ্বজিতের সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই আলোচনা ও সমালোচনা শুরু হয়। অভিনেতার মন্তব্যের সমালোচনা করে একজন নেটিজেন লেখেন, "কথিত বুদ্ধিজীবী হিন্দুরা আসলে নিজেদের খুব কুল ভেবে এসব বলে। শুনলে আশ্চর্য লাগে।"
আরেকজন মন্তব্য করেন, "এবার কলকাতায় ফিরলে পাবলিক আপনাকে ডিম খাওয়াবে।" আবার কেউ অভিনেতাকে বাংলাদেশেই পাকাপাকিভাবে রেখে দেওয়ার পরামর্শ দেন।
তবে সমালোচনার পাশাপাশি অনেকে বিশ্বজিৎ চক্রবর্তীর পক্ষেও কথা বলেছেন। একজন লিখেছেন, "এখানে যারা বিরোধিতায় সরব, তারা অনেকেই খেয়েছেন। কিন্তু এটা তাদের মুখোশ। মানুষ কী খাবে, সেটি তার নিজস্ব রুচির বিষয়।"
এদিকে, বিতর্কের মধ্যে বিশ্বজিৎ চক্রবর্তী নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি বিচলিত নন এবং পুরো ঘটনাকে হেসে উড়িয়ে দিয়েছেন। অভিনেতা বলেন, "আমার পেট, আমার মন, আমার হাত আর যে খাবারটা খাব, তার টাকাটাও আমার। সুতরাং আমি কী খাব, সেটা অন্য কেউ ঠিক করে দেওয়ার কে?"
বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, গত ৪ সেপ্টেম্বর এক বোনের জন্মদিনের আমন্ত্রণে তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং পরদিনই ফিরে এসেছেন। তিনি সেখানকার আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও হুমকির বিষয়ে বিশ্বজিৎ চক্রবর্তী কড়া অবস্থানের কথা জানিয়েছেন। এ ঘটনায় তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন। বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন, তাই এ নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে চান না তিনি।
বিশ্বজিৎ চক্রবর্তী বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যজগতের পরিচিত মুখ। ১৯৯৩ সালে অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শূন্য থেকে শুরু’ সিনেমার মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। এরপর তিনি ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বাই বাই ব্যাংকক’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’, ‘রাজকাহিনি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।
মতামত (0)