র্যাপার ম্যাকলমোরকে এড শিরানের সফর থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পপ তারকা বিলি আইলিশের ভাই ও সংগীত সহযোগী ফিনিয়াসসহ বেশ কয়েকজন শিল্পী এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। ফিনিয়াস ছাড়াও ডেনমার্কের ব্যান্ড লুকাস গ্রাহাম, আয়ারল্যান্ডের ব্যান্ড বিওগা এবং অ্যারন রো তাদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ম্যাকলমোরকে বাদ দেওয়ার ঘটনার পর এড শিরানের সফর থেকে সরে দাঁড়ানো শিল্পীদের মধ্যে ফিনিয়াস সর্বশেষ সংযোজন।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার ঘটনাটি ঘটেছে তার ‘ফ্রি প্যালেস্টাইন’ বার্তা দেওয়ার পর। এড শিরান ম্যাকলমোরকে জানিয়েছেন যে, চলতি মাসের শেষের দিকে যে জিলেট স্টেডিয়ামে তাদের পরিবেশনের কথা ছিল, সেটির মালিক রবার্ট ক্রাফট তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার জন্য ফোন করেছিলেন। ম্যাকলমোর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানান।
সিয়াটলের এই র্যাপার আরও বলেন, এড শিরান তাকে জানিয়েছেন যে, রবার্ট ক্রাফট তার স্টেডিয়ামে ম্যাকলমোরকে পরিবেশনের অনুমতি দেবেন না। ক্রাফট আরও কয়েকটি স্টেডিয়ামের মালিককে নিজের পক্ষে নিয়েছেন এবং তারা সম্মিলিতভাবে শিরানকে শর্ত দিয়েছেন যে, ম্যাকলমোর যদি সফরে থাকেন, তাহলে তাকে তাদের ভেন্যুগুলোয় পরিবেশন করতে দেওয়া হবে না।
ম্যাকলমোর ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, আলোচনাকে আবার ফিলিস্তিনের দিকে ফিরিয়ে নেওয়া যদি তাকে সফর থেকে বাদ দেওয়ার কারণ হয়ে থাকে, তাহলে এটাই ছিল তার অংশ নেওয়া সবচেয়ে সফল সফর।
ফিনিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, শিল্পীরা নিপীড়িত মানুষের পক্ষে কথা বললে তাদের চুপ করিয়ে দেওয়া উচিত নয়। তিনি এড শিরানের সঙ্গে তার আসন্ন সফরের তারিখগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং ফিলিস্তিন ও এর জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন। ফিনিয়াসের চলতি বছরের শেষের দিকে দক্ষিণ আমেরিকায় শিরানের ছয়টি অনুষ্ঠানে উদ্বোধনী পরিবেশনা করার কথা ছিল।
ড্যানিশ ব্যান্ড লুকাস গ্রাহাম গাজায় চলমান যুদ্ধ এবং বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনাকে তাদের সফর থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছে। ব্যান্ডটি বলেছে, যুদ্ধ নিয়ে, বেসামরিক মানুষ নিহত হওয়া নিয়ে, বেড়ে ওঠার অধিকার থাকা শিশুদের নিয়ে তাদের কথা বলতে পারা উচিত, তারা যেখানেই বাস করুক না কেন বা তাদের ওপর যে পতাকাই উড়ুক না কেন।



মতামত (0)